Results for ইতিহাস
June 24, 2018
https://assets.roar.media/assets/Sz6VvtDOT4HmOthw_amazonian2.jpg?w=1080

দাহোমি আমাজন: ইতিহাসের দুর্ধর্ষ নারী সেনাদল











প্রায় চারশ বছর আগে, ষোল শতকে আফ্রিকায় গড়ে ওঠে এক রাজ্য, দাহোমি রাজ্য। নারী যোদ্ধাদের নিয়ে গঠিত 'দাহোমি আমাজন' সৈন্যদলের জন্য এই রাজ্য ইতিহাসের পাতায় সুপরিচিত। আগুজি যোদ্ধাদল, মিনো ইত্যাদি নামে নারীদের এই সেনাদল পরিচিত। কীভাবে গঠিত হয়েছিল আর কেমন ছিল এই যোদ্ধারা, তা নিয়ে আজকের আয়োজন। 
বর্তমান আফ্রিকার দেশ বেনিনে অবস্থিত ছিল দাহোমি। দাস ব্যবসার মাধ্যমে এ রাজ্য ধনী হয়ে ওঠে। ঠিক কখন এবং কেন দাহোমিরা তাদের প্রথম নারী সৈন্য নিয়োগ দেয় সে ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে। সবচেয়ে প্রচলিত মতানুসারে দাহোমি সাম্রাজ্যের তৃতীয় রাজা ওয়েগবাজা হাতি শিকারের জন্য নারীদের সমন্বয়ে এই সৈন্যদল গঠন করেন, যাদের দলকে বলা হত জিবেতো। 

শিল্পীর তুলিতে জিবেতোদের দ্বারা হাতির পাল আক্রমণের দৃশ্য; source: smithsonianmag.com

এ ঘটনার  সত্যতা ধরা হয় রেপিন নামে ফ্রেঞ্চ নৌবাহিনীর একজন চিকিৎসকের বিবৃতিকে। তিনি দাবী করেন, ২০ জন জিবেতোর একটি দল ৪০টি হাতির পালকে তাড়া করে ৩টি হাতি শিকারে সফল হতে দেখেছেন। পরবর্তীতে ওয়েগবাজার পুত্র আগাজা নারীদের সমন্বয়ে একটি রক্ষী দল গঠন করেন। সন্ধ্যার পর প্রাসাদরক্ষী দলের নারীদেরই কেবল প্রাসাদে প্রবেশের অনুমতি ছিল, পুরুষ রক্ষীরা প্রবেশ করতে পারত না। বলা হয়ে থাকে, আগাজাই এই নারী রক্ষীদলকে সামরিক শক্তিতে রূপান্তরিত করেন এবং পার্শ্ববর্তী সাভি গোত্রের সাথে যুদ্ধে পুরুষ সৈন্যদের পাশাপাশি অংশ নিয়ে দাহোমি আমাজনের নারী যোদ্ধারা তাদের পরাজিত করেন। পুরুষ সেনাদের কাছে এই যোদ্ধারা পরিচিত ছিল ‘মিনো’ নামে। ফন ভাষায় যার অর্থ 'আমাদের মা'।

দাহোমি আমাজনের একাংশ; source: humanzoos.net

কাদের নিযুক্ত করা হতো যোদ্ধা হিসেবে?

বেশিরভাগ ইতিহাসবিদের মতে, নারী দাসদেরকেই বাছাই করা হতো দাহোমি আমাজনের সদস্য হিসেবে। তবে সাধারণ দাহোমি নারীদেরও নেয়া হতো। এমনকি ৮-১০ বছরের মেয়েকেও যোদ্ধা হিসেবে নিয়োগ দেয়া হতো। রাজার যেসকল স্ত্রী পর্যাপ্ত সুন্দরী থাকতো না তারাও নিয়োগ পেত এই দলে। যাদেরকে নিয়োগ দেয়া হত সবাই ছিল রাজার ‘তৃতীয় শ্রেণী’র স্ত্রী। বাকিদেরও রাজার সাথে একপ্রকার আনুষ্ঠানিক বিয়ে দেয়া হতো এবং যেহেতু রাজার এদের কারো সাথেই কোনো সম্পর্ক স্থাপিত হতো না, তাই প্রায় বেশিরভাগ নারী যোদ্ধাই সারাজীবন কুমারী রয়ে যেত এবং জীবন উৎসর্গ করতো দাহোমি রাজ্যের জন্য যুদ্ধে।  

১৯৮০ সালের দিকে দাহোমির নারী যোদ্ধারা; source: wikimedia commons

সন্তান ধারণ করাও ছিল তাদের জন্য বারণ, যাতে মূল কাজ অর্থাৎ যুদ্ধে কোনো বাঁধা না সৃষ্টি হয়। ১৭২৫ সালে এক ফ্রেঞ্চ দাস ব্যবসায়ী জিন পিয়েরে থিবোল্টের কাছ থেকে এই ব্যাপারের সত্যতা নিশ্চিত হওয়া যায়। এর চার বছর পরেই দাহোমির সংখ্যায় সবচেয়ে বড় শত্রু ‘ইয়োরুবা’ গোত্রের কাছ থেকে বন্দর পুনরুদ্ধারে সাহায্য করে এই নারীযোদ্ধারা লিখিত ইতিহাসে নিজেদের নাম সংযোজন করে।

কেন এই নারী সেনাদল?

ঠিক কেন নারী যোদ্ধাদল গড়ে উঠেছিল দাহোমিতে, তার যথাযথ কারণ খুঁজে পাওয়া দুষ্কর। এ ব্যাপারে কোনো ইতিহাসবিদেরই দ্বিমত নেই যে পুরো পৃথিবী থেকে আলাদা চিন্তা নিয়ে দাহোমিরা নারী পুরুষ সমান ভেবে নারীদের সৈন্যদলে নিযুক্ত করেছিল। কেননা বেশিরভাগ সময়েই নারী যোদ্ধাদের মতামত খুব একটা গুরুত্ব পেত না, রাজার আদেশেই তাদের যুদ্ধের জীবন বেছে নিতে হতো। একজন সাধারণ নারীর মতো স্বামী বা সন্তান বেছে নেয়ার অধিকার ছিল না তাদের। তাহলে কেন নারীদের যোদ্ধা হিসেবে তৈরী করতে হলো দাহোমিদের? সম্ভবত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো তাদের শত্রুরা সংখ্যায় এতই বেশি ছিল যে যোদ্ধাদের মধ্যে বাধ্যতামূলকভাবে নারীদের অন্তর্ভুক্ত না করে দাহোমি রাজাদের উপায় ছিল না। তাদের সবচেয়ে বড় শত্রু ইয়োরুবা গোত্রই তাদের চেয়ে সংখ্যায় দশগুণ বড় ছিল।

ইয়োরুবা গোত্রের একজন নারী; source: randafricanart.com

আরেকটি কারণ ছিল পুরুষদের সংখ্যা হ্রাস। ব্রিটিশ নৌবাহিনীর এক কর্মকর্তা আর্থার আর্ডলি উইলমটের লেখা থেকে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তিনি দাহোমিতে পুরুষের চেয়ে অনেক বেশি সংখ্যক নারী লক্ষ্য করেন। যার কারণ হিসেবে তিনি যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতি এবং দাস ব্যবসার উল্লেখ করেন। মূলত এই দুটি কারণই প্রধান ছিল পুরুষের সংখ্যা আশংকাজনকভাবে কমে যাওয়ার। ফলে দাহোমির রাজাদের কাছে নারী শক্তিকে কাজে লাগানো ছাড়া অন্য উপায়ও ছিল না। রাজা গেজোর সময় নারী যোদ্ধাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
এর কারণ হিসেবে দেখা হয় ইয়োরুবা গোত্রের কাছে যুদ্ধে পরাজয়। পর্যটক স্যার রিচার্ড বার্টন ১৮৬০ সালে দাহোমিতে যান এবং আমাজনদের কাছ থেকে দেখেন। তার বক্তব্য অনুযায়ী, রাজা গেজো দাহোমি আমাজনদের প্রাসাদের আঙিনাতেই রাখতেন। তাদের সরবরাহ করা হতো পর্যাপ্ত পরিমাণ তামাক, মদ এবং দাসী। যখন কোনো আমাজন প্রাসাদের বাইরে বের হত, একজন দাসী তার আগে আগে একটি ঘন্টি নিয়ে হেঁটে যেত। সেই ঘন্টির আওয়াজ ছিল পুরুষ যোদ্ধাদের সতর্ক করার জন্য, যাতে তারা নির্দিষ্ট দূরত্বে সরে যায়।

দাহোমি আমাজনের বিশেষত্ব

দাহোমির নারী যোদ্ধারাই যে তাদের সময়ের একমাত্র নারী ছিলেন যারা সামরিক কাজে অংশ নিয়েছেন তা কিন্তু নয়। কিছু সংখ্যক সমসাময়িক নারী শাসক, নারী দেহরক্ষীর ঘটনা জানা যায়। কিন্তু দাহোমি আমাজনের বিশেষত্ব হলো তাদেরকে প্রস্তুত করার ধরণ ও যুদ্ধে অংশগ্রহণ। পুরুষদের মতোই কঠোর প্রশিক্ষণ দেয়া হত তাদের। নির্দিষ্ট ইউনিফর্ম ছিল।

ইউনিফর্মে নারী যোদ্ধারা; source: missedinhistory.com

তারা কেবল অন্দরমহল কিংবা প্রাসাদের রক্ষী হিসেবে থাকত না, যুদ্ধের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করত। রাজ্য ও রাজার জন্যে যুদ্ধ করা ও প্রায়শঃ জীবন দেয়াই দাহোমির নারী যোদ্ধাদের বাকীদের চেয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড় করায়। উনিশ শতকের শেষে অর্ধেকেই অন্তত ৬ থেকে ১৫ হাজার দাহোমি আমাজনের মৃত্যু ঘটে বিভিন্ন যুদ্ধে। তাদের দেয়া প্রশিক্ষণ ছিল তাদের স্নায়ুকে ইস্পাতের মতো কঠিন করে গড়ে তোলার জন্য। প্রায়ই প্রশিক্ষণার্থীদের পরীক্ষা করা হতো যুদ্ধবন্দীদের শাস্তি দেয়ানোর মাধ্যমে।
এমনকি নারী যোদ্ধারা বন্দী হত্যায়ও নিয়োজিত ছিল। এক বিশেষ প্রশিক্ষণ দেয়া হত তাদের, যার নাম ছিল 'অসংবেদনশীলতার প্রশিক্ষণ'। এই প্রশিক্ষণে এক বাৎসরিক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী যোদ্ধারা ১৬ ফুট উঁচু একটি বেদীতে দাঁড়িয়ে ঝুড়িতে বাঁধা অবস্থায় একজন করে যুদ্ধবন্দী নিয়ে নিচে দাঁড়ানো জনতার ভীড়ে ছুড়ে মারত। বেশিরভাগ সময়েই মৃত্যু ঘটতো বন্দীর। 

শেষ যুদ্ধ

দাহোমি রাজ্যের পতন ঘটে ১৮৯৪ সালে, ফ্রান্সের সাথে যুদ্ধের মধ্য দিয়ে। ১৮৯০ সালের দিকে দাহোমি সাম্রাজ্যের শেষ রাজা বেহানজিন ফ্রেঞ্চ বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন, যা ‘ফ্রাংকো-দাহোমিয়ান যুদ্ধ’ নামে পরিচিত। এই যুদ্ধের সূত্রপাতও হয় দাহোমিদের দ্বারাই। ১৮৭০ সাল থেকেই নিজেদের সৈন্যদল নিয়ে দাহোমিদের উচ্চাকাঙ্ক্ষা বাড়তে থাকে। একের পর এক গোত্রের উপর আক্রমণ চালাতে থাকে তারা। নারী যোদ্ধাদের দুর্ধর্ষতার উপর ভিত্তি করেই মূলত এসব আক্রমণ চালাতে থাকে দাহোমিয়ান রাজারা। কিন্তু বিপত্তি ঘটে যখন ফ্রান্সের একটি ক্ষুদ্র উপনিবেশের উপর আক্রমণ চালিয়ে বসে তারা। বলা হয়ে থাকে, একজন নারী যোদ্ধার ছোড়া এক আঘাতে গোত্র প্রধানের মাথা কেটে তা হাতে করে তাদের রাজার জন্য নিয়ে আসে ফ্রান্সের পতাকায় মুড়ে।

শত্রুর কাটা মাথা রাজার জন্য নিয়ে যাচ্ছে এক দাহোমি যোদ্ধা; source: messynessychic.com

এ ঘটনায় ফ্রান্সও ক্রোধোন্মত্ত হয়ে ওঠে। যুদ্ধ ঘোষণা করে দাহোমি রাজ্যের বিরুদ্ধে। ফ্রেঞ্চরা  প্রথমেই অনুধাবন করেছিল যে, দাহোমিয়ানরা হাতে হাতে যুদ্ধে বেশ পারদর্শী হলেও অস্ত্র চালনায় এখনো কিছু কমতি রয়ে গেছে। এই সুযোগই কাজে লাগায় ফ্রান্স। তাদের গুলি ও বেয়নেটের সামনে ধূলিসাৎ হয়ে যায় দাহোমিয়ানরা। ফ্রান্সের ব্যাপক যুদ্ধাস্ত্রের সামনে তাদের শেষ যুদ্ধে ১,৫০০ জন নারী যোদ্ধার মাঝে কেবল ৫০ জন যুদ্ধ শেষে সক্রিয় দায়িত্ব পালনে সক্ষম অবস্থায় ছিল।
দাহোমি আমাজনদের উপর বেশ কিছু গবেষণামূলক বই লিখেছেন স্বনামধন্য ইতিহাসবিদেরা। স্ট্যানলি বি আলপার্নের 'আমাজন'স অফ ব্ল্যাক স্পার্টা', এডনা জি বে শার্লটসভিলের 'ওয়াইভস অফ দ্য লেওপার্ড' ও স্যার রিচার্ড বার্টনের 'এ মিশন টু গেলেলে, কিং অফ দাহোমি' উল্লেখযোগ্য। 
দাহোমি রাজ্যের পতন ঘটে ফ্রান্সের হাতে। ফ্রান্সের অধীনে যাওয়ার পর দাহোমি আমাজন ভেঙে দেয়া হয়। সর্বশেষ দাহোমি নারী যোদ্ধা হিসেবে ধারণা করা হয় নাওয়ি নামে এক নারীকে, এক বেনাইনিজ ইতিহাসবিদকে দেয়া সাক্ষাৎকারে যিনি দাবী করেন, তিনি ১৮৯২ সালে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ১৯৭৯ সালের নভেম্বরে তিনি প্রায় একশ বছরের বেশি বয়সে মৃত্যুবরণ করেন। তার সাথেই শেষ হয়ে যায় অকুতোভয় নারী যোদ্ধাদের দল দাহোমি আমাজন।
Reviewed by Admin on June 24, 2018 Rating: 5

জয় বাংলা’ যখন এক রোগের নাম!

June 23, 2018
https://assets.roar.media/assets/WWUB8QPJTNfF4ztK_jay-bangla.jpg?w=1080

'জয় বাংলা’ যখন এক রোগের নাম!




বিগত ৫ বছর ধরে লড়াই করছি ব্লাড ক্যান্সারের সাথে। ব্লাড ক্যান্সারের সাথেই জীবনটা বেশি উপভোগ করছি ও বেশ আনন্দে কাটাচ্ছি। তাই কিছুদিন বেশি আনন্দ করে যাবার লোভে ও পৃথিবীর না দেখা অনেক কিছু দেখে যাবার লোভে উন্নত চিকিৎসার জন্য ক'দিন পর পরই স্বেচ্ছায় বা অনিচ্ছায় ভারত গমন করতে হয়। আর সেই সুবাদে পরিচিত হয়েছি এই বিশাল দেশের সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টির সাথে। পরিচিত হতে হয়েছে এ দেশের অনেক বিস্ময়কর অজানার সাথে! এসব হাজারো অজানার মধ্যে যা আমাকে সবচেয়ে বিস্মিত করেছে তা হলো পশ্চিমবঙ্গের তথা কলকাতার 'জয় বাংলা' রোগ। হ্যাঁ, জয় বাংলা-ই এর নাম।

এই পৃথিবীতে জয় বাংলা নামে যে কোনো রোগ থাকতে পারে তা আমার জানা ছিলো না। এপাড় বাংলায় যে 'জয় বাংলা' এক আবেগের স্লোগান, ওপাড় বাংলায় তা একটি রোগের নাম? অবশ্য তাই বলে এটা ভাববার কোনো সুযোগ নেই যে এর মাধ্যমে ওপাড় বাংলায় 'জয় বাংলা' স্লোগানের অবমাননা করা হচ্ছে। বরং এর পিছনের ইতিহাস ঘাটলে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস উঠে আসবে ও যুদ্ধ চলাকালীন সময়ে তদানীন্তন ভারত সরকারের এদেশের শরণার্থীদের আশ্রয়ের এক অজানা গল্প ফুটে উঠে।
বিস্ময়কর এই তথ্যের সাথে পরিচয় ২০১৪ সালে কলকাতার এক হাসপাতালে। ভারতে অবস্থানকালীন অধিকাংশ সময়ই হাসপাতালেই কাটাতে হয়। সেখানে একটা সময় হঠাৎ করেই আশেপাশে অনেকের মুখে ’জয় বাংলা' নাম শুনতে পেলাম। কিন্তু নামটার সাথে অনেকের মুখে কেমন যেন এক আতঙ্কও বিরাজ করছিলো। বিষয়টি পরিস্কার হতে বেশি দেরি হলো না। চোখ ওঠা অর্থাৎ কনজাংটিভাইটিসকেই কলকাতা তথা পশ্চিমবঙ্গের লোকেরা 'জয় বাংলা' রোগ বলে থাকে। প্রথমে বিষয়টা বিশ্বাস করে উঠতে পারিনি। কিন্তু ঘটনা যে সত্য তা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যখন দেখি, আনন্দ বাজার পত্রিকায় স্বাস্থ্য ও লাইফস্টাইল পাতায় ও পূজোর সময় 'জয় বাংলা' রোগের প্রকোপ সম্পর্কে সচেতনতামূলক কলাম ছাপিয়েছে।
কী অদ্ভুত! চোখ ওঠা রোগের নাম জয় বাংলা হয় কিভাবে? সেই উত্তর খুঁজতে গিয়েই পরিচিত হই এক অজানা ইতিহাসের সাথে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগ মহামারির মতো ছড়িয়ে পড়ে। এই রোগে মুক্তিযোদ্ধারা ভুগেছেন, ভুগেছে পাকিস্তানি সৈন্যরা। পাকবাহিনীর ভোগান্তিটা একটু বেশি ছিল, কারণ তারা এই রোগের সাথে পরিচিত ছিল না। অনাকাঙ্খিত এই মহামারি কোনো কোনো ক্ষেত্রে ট্যাকটিক্যালি গেরিলা যোদ্ধাদের কিছুটা সুবিধা এনে দিয়েছিল। মুক্তিযোদ্ধারা চোখ ওঠা রোগকে মজা করে বলতেন ‘জয় বাংলা রোগ’। এমনকি সীমান্তের ওপারে যেসব অস্থায়ী হাসপাতালে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেয়া হত, সেখানকার ডাক্তাররাও কনজাংটিভাইটিসকে বলতেন ’জয় বাংলা রোগ’।
১৯৭১ সালে মহামারী আকারে এই রোগ পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়েছিলো। রোগটি পূর্ব বাংলায় চলা মুক্তিযুদ্ধের কারণে সীমান্ত পেরিয়ে চলে আসা বাঙালি শরণার্থীদের কারণেই ছড়িয়েছিলো বলে এর নাম দেয়া হয় ‘জয় বাংলা’ রোগ!
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়া শরণার্থীরা; image source: blogs.bodleian.ox.ac.uk
আহমদ ছফা ‘অলাতচক্র’ উপন্যাসে লিখেছেন,
“কলকাতা শহরের লোকদের মুখে ইদানিং (১৯৭১) ‘জয় বাংলা’ শব্দটি শুনলে আমার অস্তিত্বটা যেন কুঁকড়ে আসতে চায়। শেয়ালদার মোড়ে মোড়ে সবচে সস্তা, সবচে ঠুনকো স্পঞ্জের স্যান্ডেলের নাম ‘জয় বাংলা’ স্যান্ডেল।… যে চোখ-ওঠা রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, কলকাতার মানুষ মমতাবশত তারও নামকরণ করেছিল ‘জয় বাংলা’।”অবশ্য একাত্তরের উত্তাল দিনগুলোতে পশ্চিমবঙ্গে বিভিন্ন পণ্যসামগ্রীকে নাকি ‘জয় বাংলা’ নামে নামকরণের একটি ফ্যাশন শুরু হয়েছিল। আহমদ ছফা তার অলাতচক্র উপন্যাসে লিখেছেন, 
“শেয়ালদার মোড়ে মোড়ে সবচে সস্তা, সবচে ঠুনকো স্পঞ্জের স্যান্ডেলের নাম জয়বাংলা স্যান্ডেল। এক হপ্তার মধ্যে যে গেঞ্জি শরীরের মায়া ত্যাগ করে তার নাম জয়বাংলা গেঞ্জি। জয়বাংলা সাবান, জয়বাংলা ছাতা কতকিছু জিনিস বাজারে বাজারে ছেড়েছে কলকাতার ব্যবসায়ীরা। দামে সস্তা, টেকার বেলায়ও তেমন। বাংলাদেশের উদ্বাস্তুদের ট্যাঁকের দিকে নজর রেখে এ সকল পণ্য বাজারে ছাড়া হয়েছে।”
১৯৭১ সালে এই 'চোখ ওঠা' রোগ মহামারী আকার ধারণ করেছিলো। তাই ’জয় বাংলা’ একাত্তরে পশ্চিমবঙ্গের সাধারণ লোকজনের কাছে আবেগের পাশাপাশি হয়ে উঠলো এক আতঙ্কের নাম। মূলত এটি ছিল চোখের কনজাংটিভার প্রদাহ বা চোখ-ওঠা। এই এএইচসি ‘চোখ ওঠা’ বা কনজাঙ্কটিভাইটিস-এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভ্যারাইটি। একদিকে পশ্চিমবঙ্গের মানুষেরা ‘জয় বাংলা’র সহায়তায় নিজেদের সব কিছু নিয়ে এগিয়ে এসেছিল, অন্যদিকে ‘জয় বাংলা’র মতো চোখের অসুখে বিপর্যস্ত হয়েছিল দৈনন্দিন জীবন। ‘জয় বাংলা’র প্রকোপ ছিলো এতটাই, যে সেসময় ৫০ লাখেরও বেশি লোক এই রোগে ভুগেছেন। তখনকার পত্রিকাগুলোর সংবাদ ঘাঁটলে এই সংখ্যা আরও বেশি বলেই জানা যায়।
এই রোগ কল্যাণী, চাপড়ার বড় আন্দুলিয়া, বেতাই, করিমপুর, শিকারপুর শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়ে। একসময় এটি আক্রমণ করে কলকাতা শহরের শিবিরগুলোর শরণার্থীদেরও।
আক্রান্তদের মধ্যে শরণার্থীরা যেমন ছিলেন, তেমনি সংক্রামক এই রোগের দ্বারা আক্রান্ত হয়েছিলেন স্থানীয় অধিবাসীরাও। ১৯৭১ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হিসাবমতে প্রায় ৫ লাখ লোক অ্যাকিউট হেমোরেগেজিং কনজাঙ্কটিভাইটিস এর চিকিৎসাসেবা নেন।  কলকাতা শহরের শতকরা ৬৫ জন লোক এই রোগে আক্রান্ত হন বলে জানিয়েছিলেন জর্জ চাইল্ডস কোন তার ‘Encyclopedia of plague and pestilence: From Ancient Times to the Present’ গ্রন্থে। তার এই গ্রন্থে একাত্তরে পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ লোক চোখ-ওঠায় আক্রান্ত হন বলে উল্লেখ করেন।   
একাত্তরে জয় বাংলায় তথা চোখ ওঠায় পশ্চিমবঙ্গ কতটা বিপর্যস্ত হয়েছিল ৪ জুন ১৯৭১ এর দৈনিক যুগান্তরের একটি শিরোনামে তা স্পষ্ট। ‘চোখের রোগে ট্রেন বন্ধের আশঙ্কা’ শিরোনামের রিপোর্টে বলা হচ্ছে,
 “চোখ-ওঠায় রেলওয়ের বিপুলসংখ্যক কর্মী আক্রান্ত হয়েছেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ৪৯ জন গার্ড এই রোগে আক্রান্ত হয়ে ছুটি নিয়েছেন। বহুসংখ্যক বুকিং ক্লার্ক চোখের রোগে আক্রান্ত। সাধারণ ছুটিতে থাকা ২৭ কর্মীর ছুটি বাতিল করেও ট্রেন-চলাচল অসম্ভব হয়ে পড়েছে।“
সেসময় "চোখের রোগে ট্রেন বন্ধ হওয়ার আশংকা" শিরোনামে প্রকাশিত খবর; সোর্সঃ বিডি নিউজ
চোখ-ওঠায় বাতিল হয়ে গেছে ফুটবল ম্যাচ। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্কুল। এই রোগ নিয়ে মশকরা করতেও ছাড়েনি তখনকার দৈনিক সংবাদ পত্রিকাগুলো। পাত্রী দেখতে গিয়ে পাত্রের চোখে চশমা। গোড়াতেই পাত্রীর প্রশ্ন. ‘চোখ উঠেছে’? চোখ-ওঠা নিয়ে যুগান্তর এ কাটুনিস্ট এঁকেছেন এমনই অনবদ্য এক কার্টুন।
যুগান্তর এর রবিবারের সাময়িকী রম্য করে লিখেছেন,
‘জ্বালা দিতে ঠাঁই নাই জ্বালা দেয় সতীনের ভাই, কলকাতার লোকের হয়েছে সেই দশা। একেই তো জ্বালা-যন্ত্রণার সীমা নেই, তার ওপরে কোথা থেকে এক চোখের রোগ এসে চেপে বসল। ‘জয় বাংলা জয় বাংলা’ ডাক ছাড়তে ছাড়তে সারা শহর যেন কটা দিনের জন্যে… ধুলি পড়ে একেবারে কলুর বলদ হয়ে গেল!’
যুগান্তরে প্রকাশিত হওয়া সেই অনবদ্য কার্টুন; image source: bdnews24.com
তখনকার দৈনিক সংবাদ পত্রগুলোতে একদিকে যেমন চোখ ওঠা নিয়ে নানা আশংকা ও সমস্যার খবর প্রকাশ হতো, তেমনি পত্রিকার পাতায় পাতায় প্রকাশ হতো চোখের রোগ থেকে রক্ষা পাওয়ার বিজ্ঞাপন, হোমিওপ্যাথিকের বিজ্ঞাপন, সালফাসিটল কিংবা তরল সাবানের বিজ্ঞাপন। পত্রিকাগুলো ছাপাতে শুরু করল জয় বাংলা থেকে রেহাই পাওয়ার নানা কৌশল। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এই রোগের চিকিৎসা দেওয়া হত। ৬ জুন ১৯৭১ পশ্চিমবঙ্গের সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডা. নীহার মুন্সি, ডা. অমল সেন, ডা. আই এস রায়, ডা. প্রকাশ ঘোষ, ডা. জলধর সরকার ও কলকাতা পৌরসভার স্ট্যান্ডিং হেলথ কমিটির চেয়ারম্যান ডা. বীরেন বসু জনসাধারণকে আতঙ্কিত না হয়ে জয় বাংলা রোগে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিবৃতি দেন।
সেসময়কার পত্রিকায় চোখ ওঠা থেকে রক্ষা পাওয়া সংশ্লিষ্ট বিজ্ঞাপন; image source: bdnews24
সেসময়কার পত্রিকায় চোখ ওঠা থেকে রক্ষা পাওয়া সংশ্লিষ্ট বিজ্ঞাপন; image source: bdnews24
চোখ-ওঠা পশ্চিমবঙ্গে এত বেশি প্রভাব ফেলেছিল একাত্তরে, স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছিল জয় বাংলার প্রাদুর্ভাবের কথা। নিউইয়র্ক টাইমস পত্রিকা পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ লোকের জয় বাংলায় আক্রান্ত হওয়ার সংবাদ ছাপে। বাংলাদেশের সংবাদ সংগ্রহে এসে পশ্চিমবঙ্গে বিদেশি গণমাধ্যমের কয়েকজন কর্মীও আক্রান্ত হয়েছেন চোখের এই প্রদাহে।
আজ এত বছর পর এসেও পশ্চিমবঙ্গের লোকেরা "চোখ ওঠা" কে জয় বাংলা" বলে ডেকে থাকেন। ওপাড় বাংলার অনীক দত্তের জনপ্রিয় ‘আশ্চর্য প্রদীপ‘ মুভিতেও তাই দেখা যায় যে, চোখ ওঠাকে জয় বাংলা বলা হচ্ছে। সিনেমাটির ৮ মিনিট ৫০ সেকেন্ড সময়ে প্রধান চরিত্র অনীলাভ গুপ্ত তার বৌয়ের কালো গগলস পড়ার কারণ হিসেবে পাশের প্রশ্নকর্তাকে বলছেন, তার স্ত্রীর জয় বাংলা হয়েছে, এজন্য চশমা পরেছে। অনেকে অবশ্য এই চোখ ওঠাকে "জয় বাংলা" বলায় পশ্চিমবঙ্গের অধিবাসীদের বাংলাদেশি বা তাদের ভাষায় বাঙ্গালদের ছোট করে দেখবারই একটা উদাহরণ হিসেবে মনে করেন। অনেকের মতে, এখনও পশ্চিম বঙ্গের লোকেরা তাদের ভাষায় "বাঙ্গাল"দের প্রতি সেই অবজ্ঞা-অযত্নকে নিজদের ভেতর ধারণ করে। আর এটিই তার একটি উতকৃষ্ট উদাহরণ 
শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের অনেক সাহিত্যিকের সাহিত্যকর্মে এই ‘জয় বাংলা’র উল্লেখ রয়েছে। বাংলাদেশের প্রয়াত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদও তার লেখায় এই রোগের কথা উল্লেখ করেছেন। কলকাতার একজন কবি ও সাংবাদিক প্রদীপ কর বলেন,
 ‘এখনও আমাদের ওখানকার গ্রামগুলোতে এই রোগকে জয় বাংলাই বলে। আমার নিজস্ব ধারণা, বাংলাদেশের পতাকায় যে সবুজের ভেতরে লাল সূর্য দেখা যায়, সেরকমই এই রোগে চোখ টকটকে লাল হয়ে ওঠে বলেই হয়তো একে এখনও জয় বাংলা বলে।’
বাংলাদেশের স্বাধীনতার এত বছর পর ও ওপাড় বাংলায় এই 'জয় বাংলা'র সাথে জড়িয়ে আছে শরণার্থী শিবিরগুলোর দুরবস্থা ও শরণার্থীদের করুণ ইতিহাস। আজও যখন কেউ 'চোখ ওঠা’কে “জয় বাংলা” বলে ডেকে ওঠেন, তখন হয়ত ওপাড় বাংলার অনেক প্রবীণের চোখে ভেসে ওঠে কী করে তাদের সামনেই ভাষার ভিত্তিতে এক নতুন দেশের উদয় হয়। আর স্বাধীনতার প্রায় ৪৮ বছর পর সেই দেশ আজ অনেক চড়াই উতড়াই পেরিয়ে এগিয়ে গেছে কতটা দূর! সেই "জয় বাংলা" আজ পৌঁছে গিয়েছে মহাকাশ অব্দি! 
জয় বাংলা’ যখন এক রোগের নাম! জয় বাংলা’ যখন এক রোগের নাম! Reviewed by Admin on June 23, 2018 Rating: 5

ওয়া জাতির গল্প এবং বাংলাদেশের ইয়াবা সমস্যা

June 21, 2018
ghttps://assets.roar.media/assets/wswVJqpNKRkhSN3l_o-YABA-facebook.jpg?w=1080

ওয়া জাতির গল্প এবং বাংলাদেশের ইয়াবা সমস্যা








ওয়া জাতির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক। হিমালয়ের পূর্বপাশে, তিব্বতের মালভূমিসহ সুদূর দক্ষিণ-পশ্চিম এশিয়া পর্যন্ত সুবিস্তৃত পার্বত্য অঞ্চলে বাস করে অসংখ্য জাতি। সেই আদ্যিকাল থেকে পাহাড়ি এই জনগোষ্ঠী জুমচাষ, পশুপালন এবং গোত্রনির্ভর যে বৈচিত্র্যময় সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে তা স্বল্প পরিসরে বর্ণনা করা একরকম অসম্ভব। ওয়ারা এমনই একটি পার্বত্য জাতি। বাস তাদের মায়ানমারের ওয়া প্রদেশে। চীনের দক্ষিণাঞ্চলের ইউনান প্রদেশেও কয়েক লক্ষ ওয়া জনগণ থাকে।
কমলা চিহ্নিত অংশে ওয়ারা থাকে; Image Source: geopium.org
ওয়ারা স্বাধীনচেতা জাতি। ওয়া ভাষার নিজস্ব কোনো লেখ্যরুপ না থাকায় তাদের ইতিহাস একরকম অন্ধকারাচ্ছন্ন। জমির উর্বরতা বৃদ্ধির জন্য, যুদ্ধ বা স্রেফ বীরত্ব চরিতার্থ করবার জন্যেই প্রতিবেশী গোত্রগুলোর মানুষের মাথা কেটে নেওয়ার একটি বাজে অভ্যাস ছিল তাদের। এজন্য প্রতিবেশীরা এই হিংস্র জাতিটিকে বিশেষ সুনজরে দেখতো না। ব্রিটিশরাও পাহাড়ি এই জাতির সাথে ব্যয়সাধ্য যুদ্ধের বদলে সামান্য ট্রিবিউট বা ভেটের বদলে ওয়াদেরকে নিজেদের মতো থাকতে দেওয়াটাই শ্রেয় মনে করে।
১৯৪৮ সাল। স্বাধীনতা এলো বার্মায়। ওয়ারা প্রথমে নির্বিঘ্নে থাকলেও পরবর্তী সামরিক জান্তাদের আমলে বেঁধে গেলো যুদ্ধ। ১৯৮৯ সাল পর্যন্ত চলা এই যুদ্ধে দু'পক্ষেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়। শেষমেষ বর্মী জান্তাও ব্রিটিশদের পন্থা অনুসরণ করলো। ওয়ারা একরকম স্বাধীনভাবেই থাকতে লাগলো তাদের প্রদেশে। গৃহযুদ্ধ আমলের জবরদস্ত সেনাদলটাকেও অক্ষুণ্ন রাখবার অধিকার পেয়েছিল ওয়ারা। একরকম স্বাধীন দেশই বলা চলে। সংক্ষেপে এই হলো তাদের ইতিহাস। সমৃদ্ধ এক সংস্কৃতি আছে তাদের, যদিও ব্রিটিশ বা অন্যান্য পক্ষরা তাদেরকে বর্বর হিসেবেই প্রচার চালিয়ে এসেছে।
বৈচিত্র্যময় সংস্কৃতি আছে ওয়াদের; Image Source: The Himalayan Times

বাংলাদেশের ইয়াবা সমস্যা

এবারে আসা যাক বাংলাদেশ আর এখানকার ইয়াবা সমস্যা নিয়ে। ক্যাফেইন আর মেথাঅ্যাম্ফেটামাইনের সমন্বয়ে বানানো উজ্জ্বল রঙের এই বড়িগুলো কম-বেশি একযুগ ধরে বাংলাদেশের সরকারের অন্যতম মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বাংলাদেশের আইন শৃংখলা বাহিনী কেবল ২০১৬ সালেই তিন কোটির মতো ইয়াবা বড়ি বাজেয়াপ্ত করেছে। ২০১০ সালে ধরা পড়া ইয়াবা বড়ির তুলনায় সংখ্যাটা ৩৫ গুণ বেশি।
এই ছোট্ট উপাত্ত থেকেই পরিষ্কার কী বিপুল পরিমাণে ইয়াবা বাংলাদেশে প্রতিবছর প্রবেশ করছে! ভয়ের ব্যাপার হলো, খুব সামান্য সংখ্যক ইয়াবাই আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে। বেশিরভাগই চলে যায় ঢাকাসহ দেশের অন্যান্য শহরে। আর এই মাদকে আসক্তির প্রভাব যে কী ভয়ানক, তা ২০১৩ সালের একটি ঘটনার কথা স্মরণ করলেই পরিষ্কার হবে। ১৭ বছর বয়সী ঐশী রহমানের হাতে তার বাবা-মা খুন হওয়ার ঘটনায় গোটা দেশে ভীষণ তোলপাড় পড়ে গিয়েছিল সে সময়। এবং ভয়ের কথা হচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাদকাসক্তদের হাতে পরিচিতজনের খুন হওয়া খুবই স্বাভাবিক ঘটনা এবং আমাদের দেশে এই ঘটনাগুলোর পেছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে এই ইয়াবা।
বাংলাদেশের একটি মাদক পুনর্বাসন কেন্দ্র; Image Source: CNN
ইয়াবা দামে সস্তা, চোরাকারবারীদের জন্য এই ছোট্ট বড়িগুলো বহন করাও অনেক সহজ। সম্প্রতি মায়ানমার থেকে বিপুল রোহিঙ্গা শরণার্থী এসে হাজির হওয়ায় ইয়াবা বহন সংক্রান্ত সমস্যাও অনেক মিটে গিয়েছে। গরীব শরণার্থীরা সামান্য অর্থের লোভে এই মাদক পাচার করে। একটি বহুল ব্যবহৃত ধরণ হচ্ছে প্লাস্টিকে মুড়ে অনেকগুলো ইয়াবা গিলে ফেলা। পরে মলের সাথে সাথে এই বড়িগুলো আবার বের করে আনা হয়। ইয়াবা দামেও সস্তা। বাংলাদেশে সবথেকে প্রচলিত ইয়াবা বড়ি আর-৭ এর একেকটির দাম ৮০০ থেকে ৯০০ টাকা বলে জানা যায়। তবে দামের ব্যাপারটা খুব বেশি নির্ভরযোগ্য নয়। সরবরাহের ওপরে নির্ভর করে দাম ওঠা-নামা করে।  
টেকনাফের আশেপাশের অঞ্চল ইয়াবা চোরাচালানের জন্য কুখ্যাত; Image Source: CNN
মায়ানমার আর থাইল্যান্ডের দুর্গম পাহাড় আর জঙ্গলের মধ্যে অসংখ্য ইয়াবা ল্যাবরেটরি গড়ে উঠেছে। এখান থেকে ইয়াবা চলে যায় ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, বাংলাদেশ, চীনসহ নানা দেশে। সরকারি উদ্যোগের কারণে থাইল্যান্ডের ইয়াবা উৎপাদন অনেক কমে গিয়েছে, আর সেই জায়গাটা দখল করেছে মায়ানমার। চীনে যত ইয়াবা ধরা পড়ে তার ৯০ ভাগই মায়ানমারে তৈরি। মায়ানমারের প্রতিবেশী দেশগুলো নানা কড়া ব্যবস্থা নেওয়ায় এসব ইয়াবার মূল গন্তব্য এখন বাংলাদেশ।
আমাদের জনসংখ্যার বড় একটা অংশ কমবয়সী। মোদক রেঞ্জ সহ দুর্গম পর্বতমালা আর ঘন জঙ্গলের কারণে ২৭০ কিলোমিটার লম্বা বাংলাদেশ-মায়ানমার সীমানা পাহারা দেওয়াটাও কঠিন এক কাজ। মায়ানমার তার কুখ্যাত নাসাকা বাহিনী বিলুপ্ত করলেও দেশটির বর্তমান সীমান্ত প্রহরীরা আর যা-ই হোক, বিশেষ বন্ধুসুলভ নয়। বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতি ১০টি আহ্বানের বিপরীতে তারা সাড়া দেয় মাত্র একবার। এর সাথে যোগ করুন আমাদের দেশের দুর্নীতি সমস্যা। কাজেই ইয়াবা আসছে, ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ। 
ইয়াবা চালানের রাস্তা; Image Source: Dhaka Tribune

ওয়া এবং ইয়াবা

১৯৮৯ সালে বার্মিজ কম্যুনিস্ট পার্টি থেকে বেরিয়ে যেয়ে বাও ইউজিয়াং ওরফে তাক্স লং পাং ওরফে পাউ ইয়ু চ্যাং নামের এক গেরিলা নেতা ইউনাইটেড ওয়া স্টেট আর্মিগঠন করেন। মায়ানমার সরকারের সেনাবাহিনী, তাতমাদাও এর এতে প্রত্যক্ষ সহযোগিতা ছিল। ১৯৯৬ সাল পর্যন্ত এই ওয়া সেনাদল তাতমাদাও এর সাথে মিলে প্রতিবেশী শানদের মাদক কারবারী ওরফে গেরিলা নেতা খুন সা এর মং তাই আর্মির বিরুদ্ধে যুদ্ধ চালায়। অনেকটা এরই পুরস্কার হিসেবে মায়ানমার সরকার ওয়াদেরকে ১৭ হাজার বর্গ কিলোমিটারের একটি পার্বত্য জমি ছেড়ে দেয়। যদিও কাগজে-কলমে বেলজিয়ামের সমান এই অঞ্চল মায়ানমারের অধীনে, কিন্তু বাও ইউজিয়াং অনেকটা স্বাধীনভাবেই শাসন করেন। সাজোঁয়া যানসহ নানা ভারী যুদ্ধাস্ত্রে সজ্জিত ওয়া সেনাদের চোখ এড়িয়ে এই অঞ্চলে কোনো কিছু করাটা একরকম অসম্ভব। 
ওয়া সেনাদল; Image Source: VOA News
ওয়ারা যুদ্ধবাজ জাতি হিসেবে পরিচিত। কিন্তু আধুনিক যুগে তো আর ওসব চলে না। ওয়া পাহাড়গুলো পপি চাষের জন্য অতি উত্তম। কাজেই ওয়ারা ঝুঁকে পড়লো পপি আর তা থেকে আফিম আর হেরোইন উৎপাদনের সাথে। এ থেকেই শাসনকাজ বা সেনাবাহিনীর খরচাপাতি উঠে আসতো। মায়ানমার সরকারের কাছে মাদকের থেকে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখা বেশি গুরুত্ব পাওয়ায় ওয়াদের এই রমরমা ব্যবসায় বিশেষ কোনো ছেদ পড়েনি, অন্তত নব্বই এর দশক পর্যন্ত। পরে চীন, থাইল্যান্ড বা যুক্তরাষ্ট্রের চাপে পড়ে হেরোইন উৎপাদন বন্ধ হয়। লক্ষাধিক ওয়াকে জোরপূর্বক সমতলের উর্বর জমিতে নিয়ে আসা হয়। তবে এতে সমস্যার সমাধান হয়নি।
ধান, রাবার বা চা থেকে যে আয় হয়, মাদকের আয় তার তুলনায় বহুগুণ বেশি। এছাড়া প্রকান্ড একটি সামরিক বাহিনী থাকায় ওয়া অঞ্চলে মাদক চাষে ঝুট ঝামেলাও কম। কাজেই ওয়ারা হেরোইন উৎপাদন বাতিল করলো বটে, কিন্তু তার জায়গা দখল করে নিল ইয়াবা। আগেই বলা হয়েছে, ইয়াবা পরিবহন বা উৎপাদন করা অনেক সহজ। তাছাড়া ইয়াবার সবথেকে বড় বাজার, বাংলাদেশে ইয়াবা প্রেরণ করার ঝামেলাও কম। মায়ানমার সরকার বা বাও ইউজিয়াং তাই ইয়াবা নিয়ে বিশেষ মাথা ঘামায় না।
ওয়াদের সেনাদল এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার সবথেকে বড় মাদক কারবারী দল হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রসহ বহু দেশে তারা নিষিদ্ধ। কিন্তু মায়ানমারের মতো বিচ্ছিন্ন রাষ্ট্র, যেখানে খোদ সরকারই পাহাড়-পর্বতে ছাওয়া দুর্গম অঞ্চলগুলো নিয়ন্ত্রণে হিমশিম খায়, সেখানে এসব নিষেধাজ্ঞার প্রভাব খুবই সামান্য। কাজেই ওয়া আর্মির তত্ত্বাবধানে নির্বিঘ্নে তৈরি হচ্ছে এই ভয়ানক মাদকদ্রব্য। যদিও ওয়া নেতারা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন।
মায়ানমারের একটি পপি বাগান; Image Source: Pinterest

পরিশেষে

মায়ানমারের প্রতিবেশী সরকারগুলো ইতোমধ্যেই ইয়াবা দমন করবার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এরপরেও ধারণা করা হয়, মোট উৎপাদিত ইয়াবার মাত্র ১০ ভাগ নিরাপত্তা বাহিনীগুলোর হাতে ধরা পড়ে। অথচ উদ্যোগ নিলে এটা বন্ধ করাই যায়।
মায়ানমারে বসবাসরত ওয়াদের সংখ্যা লাখ ছয়েক হবে। বিকল্প কোনো অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলে সহজেই এদেরকে ইয়াবার উৎপাদন থেকে সরিয়ে নেওয়া যায়। কিন্তু মায়ানমার সরকারের তেমন কোনো সদিচ্ছা আছে বলে মনে হয় না। অসমর্থিত বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, খোদ তাতমাদাও এর অনেক কর্মকর্তা বাংলাদেশসহ অন্যান্য দেশে ইয়াবা চালানের সাথে জড়িত। আর বাংলাদেশের অভ্যন্তরীণ মাদক কারবারীদের কথা নাহয় ছেড়েই দিলাম। হেরোইনের থেকে ইয়াবা উৎপাদনে খরচ অনেক কম, অথচ ইয়াবার বাজারমূল্য অনেক বেশি। কাজেই দারুণ লাভজনক এই মাদকের সাথে জড়িত রুই-কাতলারা এত সহজে হার মানবে বলে মনে হয় না। আর সেই অবসরে ধ্বংস হতে থাকবে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার লক্ষ লক্ষ মানুষ
ওয়া জাতির গল্প এবং বাংলাদেশের ইয়াবা সমস্যা ওয়া জাতির গল্প এবং বাংলাদেশের ইয়াবা সমস্যা Reviewed by Admin on June 21, 2018 Rating: 5

স্পেনের হারিয়ে যাওয়া মুসলিম সাম্রাজ্য

June 21, 2018
https://assets.roar.media/assets/84Z4GPsLVmBzMQD1_8267-lec21-1536x865.jpg?w=1080

স্পেনের হারিয়ে যাওয়া মুসলিম সাম্রাজ্য


চতুর্থ শতাব্দীর শেষ দিকে হিস্প্যানিয়া অঞ্চলে (বর্তমান স্পেন ও পর্তুগাল) রোমান শাসনের পতন ঘটলে তাদের জায়গা দখল করে নেয় পিরেনিজ পার হয়ে আইবেরীয় উপদ্বীপে পা রাখা বিভিন্ন ভিজিগথিক গোত্র, টোলেডোতে স্থাপন করা হয় নতুন রাজধানী। তারা খুব দ্রুতই রোমান সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে, ল্যাটিন ভাষায় কথা বলা এই ভিজিগথরা আরিয়ানীয় ধর্ম পালন করতো। সপ্তম শতাব্দীর শেষ দিকে ভিজিগথিক হিস্প্যানিয়ায় তখন অরাজকতার স্টিমরোলার চলছে, রাজনৈতিক কামড়াকামড়ির পাশাপাশি দুর্নীতি আর চোর-ডাকাতের উপদ্রব তো রয়েছেই।
স্পেনের দিকে চোখ পড়েছে তখন অন্য এক পক্ষের। ইসলামের সুবাতাস লোহিত সাগর পাড়ি দিয়ে চলে এসেছে আফ্রিকায়, ভূমধ্যসাগরের তীর ধরে পুরো উত্তর আফ্রিকার উপকূল জুড়ে ছড়িয়ে পড়েছে মুসলিমরা।
মুসলিম অভিযানের মানচিত্র; Image Source: All About History

আন্দালুস অভিযান

৬৯৮ সালে মুসা বিন নুসায়েরকে ইফরিকিয়ার (লিবিয়া ও আলজেরিয়ার অংশবিশেষ) গভর্নর বানানো হলো। তার পরবর্তী কাজ হলো সমগ্র উত্তর আফ্রিকার উপকূলে মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করা। মুসা বিন-নুসায়ের ঠিক তা-ই করলেন, এমনকি তাঞ্জিয়ার্সেও ঢুকে পড়লেন। বাইজানটাইন নৌবহরের মুখোমুখি হওয়ার জন্য নিজেও গড়ে তুললেন ছোটখাট কিন্তু শক্তিশালী নৌবহর।
খ্রিস্টান এবং মুসলিম উভয় সূত্রমতেই মুসা বিন নুসায়ের শুধুমাত্র আফ্রিকা জয় করেই সন্তুষ্ট ছিলেন, কিন্তু স্পেন থেকে আসা এক অভিজাত খ্রিস্টান তাকে উদ্বুদ্ধ করে হিস্প্যানিয়া জয় করার জন্য। এই ব্যক্তি ছিলেন সেউটার কাউন্ট হুলিয়ান, ভিজিগথ রাজা প্রথম রডারিকের একজন সামন্ত রাজা। হুলিয়ান মুসা বিন নুসায়েরকে হিস্প্যানিয়ায় থাকা সম্পদের পাহাড়ের বিবরণ দিলেন, সাথে বললেন রডারিকের কারণে তাদের রাজ্যে চলা অরাজকতার গল্প। কিংবদন্তী অনুযায়ী, হুলিয়ান চেয়েছিলেন ভিজিগথদের পতন দেখতে, কারণ রডারিক তার মেয়েকে ধর্ষণ করেছিলেন।
মুসা বিন নুসায়ের তার সেরা সেনাপতিকে পাঠালেন হিস্প্যানিয়া জয় করতে, তাঞ্জিয়ার্সের তৎকালীন গভর্নর তারিক বিন জিয়াদকে। তারিক বিন জিয়াদ সদ্য ইসলাম গ্রহণ করা এরকম ৭,০০০ সৈন্য নিয়ে পাড়ি জমালেন হিস্প্যানিয়ার উদ্দেশ্যে। তারিক নিজেই ছিলেন মুসা বিন নুসায়েরের একজন দাস, পরবর্তীতে মুসা তাকে মুক্ত করে দিয়ে তাকে বাহিনীর সেনাপতি বানান।
তারিক বিন জিয়াদ; Image Source: Flickr  
এপ্রিল ২৬, ৭১১। তারিক বিন জিয়াদ তার বাহিনী নিয়ে জিব্রাল্টারে পা রাখলেন । এই পুঁচকে বাহিনীর মুখোমুখি হতে রডারিক জড়ো করেছিলেন প্রায় এক লক্ষ সৈন্য। এমন সময় তারিক আদেশ দিলেন পিছনে থাকা নিজেদের জাহাজ পুড়িয়ে দিতে। জিব্রাল্টারের নামকরণ করা হয়েছে তারিক এর নামানুসারেই। ‘জাবাল-আত-তারিক’ অর্থাৎ তারিকের পাহাড় থেকেই উৎপত্তি জিব্রাল্টারের নাম। আর ঠিক এখানেই তারিক বিন জিয়াদ সৈন্যদের উদ্দেশ্যে তার ইতিহাস বিখ্যাত ভাষণ দিলেন।
“হে আমার সৈন্যরা, কোথায় পালাবে তোমরা? তোমাদের পিছনে সাগর, সামনে শত্রু। তোমাদের সামনে রয়েছে অগণিত শত্রু, আর জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে রয়েছে শুধু তলোয়ার।... এবং মনে রেখো এই অসাধারণ যুদ্ধে আমিই সবার সামনে থাকবো যা তোমরা করতে যাচ্ছ...”
তারিকের ভাষণ শুনে উজ্জীবিত সৈন্যরা ঝাঁপিয়ে পড়লো রডারিকের বিশাল বাহিনীর উপর। রডারিকের বাহিনী তখন দ্বিধাবিভক্ত, নিজেদের সুরক্ষিত শহর ছেড়ে এই প্রান্তরে যুদ্ধ করতে এসে যারপরনাই বিরক্ত সামন্ত রাজারা। তাছাড়া এই বিশাল বাহিনী রডারিকের অনুগতও নয়। এই সুযোগটাই কাজে লাগালো মুসলিমরা। তারিকের ৭ হাজার সৈন্যের সাথে যোগ হওয়া মুসা বিন নুসায়েরের পাঠানো আরো ৫ হাজার সৈন্যের অসাধারণ রণকৌশলে মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে গেলো ভিজিগথ বাহিনী। গুয়াদেলেতের যুদ্ধে নিহত হলো রডারিক, হিস্প্যানিয়ায় প্রতিষ্ঠিত হলো মুসলিম শাসন।
গুয়াদেলেতের যুদ্ধ; Image Source: Wikimedia Commons

ইউরোপের বাতিঘর

পরের বছরেই উত্তর আফ্রিকার আমাজিঘদের (বারবার) ঢল নেমে এল আইবেরিয়ায়। জিব্রাল্টার থেকে দক্ষিণ ফ্রান্স পর্যন্ত মুসলিমদের দখলে চলে আসলো। মুসলিম শাসন সত্ত্বেও খ্রিস্টান আর ইহুদিরা স্বাধীনভাবেই নিজেদের ধর্ম পালন করতে পারতো, তাদের উপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। আর এ কারণেই কয়েক বছরের মধ্যেই ব্যাপক পরিমাণ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। দশম শতাব্দীর মধ্যেই আল-আন্দালুস পরিণত হলো ইউরোপ, আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে সফল রাষ্ট্র হিসেবে। পণ্ডিতরা চর্চা করতে থাকলো বিজ্ঞান-দর্শনশাস্ত্রের, থেমে যাওয়া প্রাচীন গ্রিক সভ্যতার জ্ঞান-বিজ্ঞান আবারো আলোর মুখ দেখলো তাদের হাত ধরে। অন্যদিকে খ্রিস্টধর্ম প্রধান ইউরোপ তখন নিজেদের মধ্যেই ক্ষমতার রেষারেষিতে ব্যস্ত, রেনেসাঁ শুরু হওয়ার পূর্ববর্তী ‘ডার্ক এজ’ চলছে তখন ইউরোপে। তাছাড়া ইউরোপ, ভূমধ্যসাগর আর আফ্রিকান আটলান্টিক দিয়ে ঘিরে থাকা আল-আন্দালুস হয়ে দাঁড়ালো ব্যবসা-বাণিজ্যের পীঠস্থান।
যদিও আল-আন্দালুস তখন বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজনে বিভক্ত। আদি অধিবাসী ভিজিগথ আর আইবেরো-রোমানরা তো রয়েছেই, সাথে রয়েছে স্পেন জয় করতে আসা আরব আর আমাজিঘ গোত্রের লোকেরা। শুধু মুসলিমদের মধ্যেই রয়েছে আমাজিঘ, আরব, গথিক, স্লাভ, বাইজান্টাইন আর স্পেনের সদ্য মুসলিম হওয়া আইবেরো-রোমানরা। এদিকে যুদ্ধের সময় পাওয়া সম্পদ আরব অভিজাত আর সংখ্যাগরিষ্ঠ আমাজিঘদের মধ্যে ঠিকভাবে ভাগ-বাটোয়ারা না হওয়ায় আমাজিঘরা ৭৪০ সালে বিদ্রোহ করে বসে। তাদেরকে থামানোর জন্য উমাইয়া খলিফা সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন থেকে আরব সৈন্য পাঠাতে শুরু করে, কিন্তু আল-আন্দালুস পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এদিকে বারবার আর আরবদের মধ্যের এই রেষারেষির সুযোগ নেয় উত্তরের আস্তুরিয়া অঞ্চলের খ্রিস্টানরা, গঠন করে ‘কিংডম অফ আস্তুরিয়া’।
৭৫০ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের পতনের পর মুসলিম বিশ্বে শুরু হয় আব্বাসীয় যুগ। গণহত্যার সময় উমাইয়া পরিবারের বেঁচে যাওয়া রাজপুত্র আবদ আল-রহমান পালিয়ে আন্দালুসে চলে আসেন। সেখানেই শুরু হয় তার নতুন রাজ্য-শাসন, আল-আন্দালুসকে ঘোষণা করেন স্বাধীন রাষ্ট্র হিসেবে। দামেস্ক আর বাগদাদের সাথে শুরু হয় অঘোষিত ইসলামিক সাংস্কৃতিক যুদ্ধ। ৭৫৬ সালে নিজেকে আল-আন্দালুসের আমির হিসেবে ঘোষণা করেন আবদ আল-রহমান, ইউরোপের বুকে প্রতিষ্ঠিত হয় প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্র।
আস্তুরিয়া এবং আল-আন্দালুসের মানচিত্র (৯১০ খ্রিস্টাব্দ); Image Source: Wikimedia Commons

আল-আন্দালুসের জীবন

পূর্বের আরব রাষ্ট্র কিংবা ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রগুলোকে সবদিক থেকেই ছাড়িয়ে গিয়েছিলো আল-আন্দালুস। রোমানদের কাছ থেকে ধার নেওয়া ইঞ্জিনিয়ারিং আর শহরের পরিকল্পনার সাথে ইসলামি স্থাপত্যকলা মিশিয়ে নতুন করে গড়া হলো আন্দালুসের শহরগুলো। ভ্যালেন্সিয়া আর সেভিল ছিল বর্তমানের দুবাই কিংবা দোহার মতো বিলাসবহুল শহর। জাতিভা শহরে তখন চালু করা হয়েছে কাগজের কারখানা, দুষ্প্রাপ্য আর দামী পার্চমেন্টকে ঝেঁটিয়ে বিদায় করে শুরু হলো বই তৈরি করার বিপ্লব। কালের গর্ভে নষ্ট হয়ে যাওয়া মিশরীয় আর গ্রিক ডকুমেন্টগুলো বইয়ের আকার পেতে শুরু করলো। শহরে শহরে তৈরি করা হলো হাম্মামখানা, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। নারীরা, বিশেষ করে অভিজাতরা মধ্যযুগীয় খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করতো।
ইসলামের জিম্মা ব্যবস্থার কারণে অন্যান্য ধর্মের লোকেরাও সমানভাবে নিজেদের ধর্ম পালন করার সুযোগ পেত, নিজস্ব সম্প্রদায়ের নিয়ম-কানুন, উৎসবসহ সবকিছুই নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারতো। যদিও তাদেরকে এজন্য নির্দিষ্ট পরিমাণে ‘জিযিয়া কর’ দিতে হতো। খ্রিস্টানরা একদিকে যেমন নিজেদের ধর্ম পালন করতো, অন্যদিকে তাদেরকে ইসলামের দাওয়াতও দেওয়া হতো। এর ফলে আন্দালুসে থাকা অনেক খ্রিস্টান আর ইহুদি ধর্মান্তরিত হয়েছিল।
কর্ডোবার হাসপাতালে রোগীর চিকিৎসা করছেন আবু আল-কাশিম (আলবুকাসিস); Image Source: Pinterest
ধর্মান্তরিত না হওয়া খ্রিস্টান আর ইহুদিরাও কিছুটা ইসলামি সংস্কৃতিতে প্রভাবান্বিত হয়েছিল। তৎকালীন সময়ের বেশ কিছু খ্রিস্টান সূত্রমতে, আন্দালুসের খ্রিস্টান যুবকদের অনেকেই আরব কবিদের সাহিত্যকর্ম আয়ত্ত করেছিল, এমনকি কুরআনও মুখস্থ করেছিল, যারা কিনা ল্যাটিনে সামান্য একটি চিঠিও লিখতে পারতো না। ইহুদি আন্দালুসিয়া আবার একইসাথে হিব্রু আর আরবি ব্যবহার করতো এবং দুই ভাষাতেই অনেক সাহিত্যকর্ম রচনা করেছে। আরবি কবিতা রচনাশৈলীর সাথে বাইবেলের হিব্রু ভাষা মিশিয়ে এক নতুন ধরনের সাহিত্যের প্রচলন শুরু হয় এ সময়ে, যা বর্তমানে ইসরায়েলের বিদ্যালয়গুলোতে পড়ানো হয়।
ইহুদি দর্শন আর অ্যারিস্টটলের দর্শনের সাথে পরিচিত হয় আন্দালুসীয়রা, বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুশদ আর ইহুদি দার্শনিক মাইমোনাইডসের জন্মই হয়েছে আন্দালুসে। ক্লাসিক আরবি আর হিব্রু সাহিত্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আইবেরীয় লোকগান আর কবিতাগুলো। মোজেজ ইবনে এজরা আর ইবনে শুহাইদের হাত ধরে আরবি আর হিব্রু সাহিত্য এগিয়ে যায় বহুদূর। সেভিল, কর্ডোবা কিংবা গ্রানাডার বাড়িঘরের দেওয়ালে এখনো চোখে পড়বে আরবি ক্যালিগ্রাফি আর জ্যামিতিক নকশাগুলো। জ্ঞান-বিজ্ঞানেও সবাইকে ছাড়িয়ে গিয়েছিল আন্দালুসীয়রা, গ্যালেন-অ্যারিস্টটলসহ প্রাচীন বিজ্ঞানীদের কর্মগুলো সংরক্ষণ করে রাখা হয় যা পরবর্তীতে ইউরোপে রেনেসাঁ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
স্পেনের কর্ডোবায় অবস্থিত ইবনে রুশদের (আভেরোস) মূর্তি; Image Source: Pinterest

আন্দালুসের পতন

ভূমধ্যসাগরের একদিকে চলছে পবিত্র ভূমি দখলের লড়াই, অন্যদিকে চলছে আল-আন্দালুস থেকে মুসলিম শাসন উচ্ছেদ করার চেষ্টা। ১০৭৬ সালের দিকে স্পেনের টোলেডো শহর দখল করে নেয় ষষ্ঠ আলফোন্সো, একসময়ের ভিজিগথ রাজধানী ছিল এই শহর। পরবর্তী ১৫০ বছর আইবেরীয় উপদ্বীপের মানচিত্র একইরকম থাকে। অবশেষে ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে তৃতীয় ফার্নান্দো কর্ডোবা আর সেভিলের মতো গুরুত্বপূর্ণ শহর দখল করে নেন, অন্যদিকে আরাগনের প্রথম জায়ুম দখল করে নেন ভ্যালেন্সিয়া শহর। ৬০০ বছর ধরে রাজত্ব করা বিশাল খিলাফতের হাতে অবশিষ্ট থাকে শুধু গ্রানাডা, তা-ও সেখানেও নিয়মিতভাবে হানা দিতে থাকে ক্রুসেডার বাহিনী।
গ্রানাডার পতনের আগে স্পেনের মানচিত্র; Image Source: Reyes Catolicos
আন্দালুসে মুসলিমদের রাজনৈতিক পতনের সাথে সাথে এর শিক্ষা-সংস্কৃতির পতনও শুরু হয়ে যায়। মুসলিম অভিজাতদের বেশিরভাগই চলে যায় উত্তর আফ্রিকা কিংবা আরব অঞ্চলে, যদিও সাধারণ জনগণদের বেশিরভাগ গ্রানাডাতেই থেকে যায়। গ্রানাডাতেও ইহুদিরা একইভাবে সুরক্ষা পেতে থাকে, যেরকমটা তারা কয়েকশ বছর ধরে পেয়ে আসছে।
খ্রিস্টান শাসকরা আন্দালুসীয় চিত্রকলা, স্থাপত্যকলা আর বিজ্ঞানের বেশ বড় মাপের পৃষ্ঠপোষক ছিলেন। টোলেডো খ্রিস্টানরা দখল করে নিলেও এরপরেও কয়েকশ বছর আরবি শেখার অন্যতম পীঠস্থান ছিল এই শহর। দশম আলফোন্সো সেভিলে আরবি শেখার জন্য আলাদা স্কুল তৈরি করে দেন, আন্দালুসীয়দের বিজ্ঞান আর দর্শনশাস্ত্রেও আগ্রহী ছিলেন তিনি। তার সময়ে মুসলিম আর ইহুদিরা নিজেদের ধর্ম পালন করার সমান সুযোগ-সুবিধা পেত। ভ্যালেন্সিয়াতেও প্রায় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত আরবি সাধারণ মানুষের মুখের ভাষা ছিল।
যদিও খ্রিস্টান শাসকদের এই উদারমনা অবস্থা বেশিদিন চলেনি, যখন প্রথম ইসাবেলা ‘দ্য ক্যাথলিক’ এবং আরাগনের দ্বিতীয় ফার্দিন্যান্দ যৌথভাবে স্পেন শাসন করা শুরু করেন। যদিও ফার্দিন্যান্দ ভ্যালেন্সিয়া আর আরাগনে থাকা মুসলিমদের প্রতি বেশ উদার ছিলেন, কিন্তু ইসাবেলা ছিলেন সম্পূর্ণ বিপরীত। অবশেষে ১৪৯২ সালে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ছোট্ট গ্রানাডার উপর আক্রমণ চালান তারা দুজন, দখল করে নেয় আল-হাম্বারা থেকে শুরু করে সাধারণ বাড়িঘর। ঐ বছরেই ইহুদিদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, স্পেনে থাকতে হলে খ্রিস্টান হতে হবে অথবা চলে যেতে হবে। আর এভাবেই স্পেনের মাটি থেকে হারিয়ে যায় একসময়ে পৃথিবীর ওপর রাজত্ব করা আল-আন্দালুস।
গ্রানাডার পতন; Image Source: Wikimedia Commons
স্পেনের হারিয়ে যাওয়া মুসলিম সাম্রাজ্য স্পেনের হারিয়ে যাওয়া মুসলিম সাম্রাজ্য Reviewed by Admin on June 21, 2018 Rating: 5
Powered by Blogger.