Results for জীবনী

ইবনে আরাবী: দিব্যজ্ঞান লাভ করা এক সুফি দার্শনিক

April 25, 2018
ইতিহাসের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিকের নাম বলতে বললে কার নাম আপনার মাথায় প্রথমেই চলে আসবে? নিশ্চয়ই ইবনে রুশদ, ইবনে খালদুন কিংবা আল ফারাবির কথা ভাবছেন। একটি নাম, যা হয়তো শতকরা ৯০ জনের মাথায়ই আসবে না, তা হচ্ছে আল আরাবী। কারণ ইতিহাস তার দার্শনিক পরিচয় নির্ণয় করতে ভুল করেছে, তাকে আখ্যায়িত করেছে কেবলই একজন সুফি হিসেবে। অথচ ধর্মকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা, কুরআনের বিজ্ঞানসম্মত আলোচনা, হাদীসের দার্শনিক ব্যাখ্যা, আইনশাস্ত্র, অতীন্দ্রিয়বাদ নিয়ে বিস্তর লেখালেখি করে গেছেন তিনি। অবশ্য এটা ঠিক যে, সুফিবাদ নিয়েই তিনি বেশি কাজ করেছেন। যে কারণে তাকে ‘আল শেইখ আল আকবার’ বা সুফিবাদের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অভিহিত করা হয়। কিন্তু তাই বলে তার দার্শনিক পরিচয়টা একেবারে ঢেকে ফেলা অবিচারই বটে।
ইবনে আরাবী (১১৬৫-১২৪০ খ্রিস্টাব্দ); source: rumahkitab.com
মুহাম্মদ বিন ইউসুফ বিন মুহাম্মদ ইবনে আলি আল আরাবি আল তাই আল হাতিমি তার পুরো নাম! নিজের প্রতিটি লেখার শেষেই লেখক পরিচয়ে এ নামটিই লিখেছেন। সংক্ষেপে ইবনে আল আরাবি নামে পরিচিত হন তিনি। ইসলামিক স্পেনের মুরসিয়া শহরে, ১১৬৫ সালে এক ধনাঢ্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পরিবার ছিল কর্ডোবার সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে একটি। এর কারণ কেবল এই নয় যে তার বাবা আলি ইবনে আল আরাবী ছিলেন কর্ডোবার প্রধান বিচারপতি। বরং, তার পরিবারের ছিল গৌরবের এক সুদীর্ঘ ইতিহাস, যার শুরু ইতিহাসখ্যাত হাতেম তাইয়ের সময় থেকে। হাতেম তাই এই পরিবারের পূর্বপুরুষদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম নাম।
আল আরাবীর যখন ৮ বছর, মুরসিয়া তখন পার্শ্ববর্তী এক রাজার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। তিনি সপরিবারে চলে যান লিসবন শহরে। কিন্তু সেখানেও সবকিছু ঠিকঠাক বনিবনা না হওয়ায় সিভিল শহর হয় তার পরবর্তী ঠিকানা। এ শহরেই তিনি শিক্ষা দীক্ষায় পূর্ণতা লাভ করেন, তার ধ্যান-জ্ঞান বিকশিত হয়। সিভিল শহর ছিল মধ্যযুগের সুফিবাদ চর্চার কেন্দ্রস্বরূপ। এ শহরেই অনেক বিখ্যাত সুফির সাক্ষাৎ লাভ করেন আল আরাবী, সংস্পর্শে আসেন অনেক বিদুষী নারীর, যাদের প্রভাব তার পরবর্তী জীবনে গভীরভাবে লক্ষণীয়। এর মধ্যে যে নামটি না বললেই নয়, তা হচ্ছে মার্চেন এর ইয়াসমিন। ইয়াসমিনের গুণমুগ্ধ আরাবীর মুখেই শোনা যাক তিনি কী ধারণা পোষণ করতেন এই নারীর ব্যাপারে।
“তার কাজকর্মে এবং যোগাযোগে বিশুদ্ধ আধ্যাত্মিকতার উপস্থিতি তাকে নিয়ে গেছে শ্রেষ্ঠদের কাতারে!”- ইয়াসমিন সম্পর্কে আল আরাবী।
মুরসিয়া শহর; source: tripadvisor.com
আবু জাফর নামক এক দরিদ্র কৃষক ছিলেন আল আরাবীর জীবনের প্রথম শিক্ষক, যিনি ঠিকমতো গুণতে জানতেন না, লিখতে পারতেন না! এই প্রাতিষ্ঠানিক শিক্ষাবিবর্জিত শিক্ষকের নিকটি প্রাথমিকভাবে কুরআন পড়তে শেখেন তিনি। এরপর একে একে সিভিলের সব বিখ্যাত শিক্ষকের কাছে আরবি ব্যাকরণ, কুরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, আইনশাস্ত্র এবং ফিকহশাস্ত্র অধ্যয়ন করেন। কৈশোরের পদার্পণ করেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। সমকালীন বিখ্যাত সুফিদের সাথে তার ভাব জমে ওঠে। বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুশদ ছিলেন আরাবীর বাবার বন্ধু। সে সুবাদের রুশদের সংস্পর্শেও আসেন তিনি। ২০ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে সুফিবাদকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন তিনি।
ইবনে আরাবীর নিজের ভাষ্য অনুযায়ী, তিনি দৈববাণী পেয়ে সুফিবাদের দিকে ধাবিত হয়েছেন। ঘটনাটা ১১৮৪ খ্রিস্টাব্দের। সিভিলের কোনো এক সরকারি অনুষ্ঠানে শহরের সকল গণ্যমান্যদের সাথে আমন্ত্রিত হয়েছিলেন ইবনে আরাবীও। অনুষ্ঠানের একপর্যায়ে যখন মদ্যপান শুরু হয়, তখন আরাবীও সকলের সাথে তাল মেলাতে মদের গ্লাস হাতে নেন। কিন্তু গ্লাসে চুমুক দিতে উদ্যত হলেই তিনি শুনতে পান কোনো এক অদৃশ্য স্বর! “হে মুহাম্মদ, তোমাকে কী এজন্যই সৃষ্টি করা হয়েছে?”
তিনি মদের গ্লাসে চুমুক না দিয়ে সেটি রেখে দিলেন এবং দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন। তার মন বিষণ্ণতায় ভরে উঠলো। খোলা মাঠের মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে তিনি দেখা পেলেন এক মেষপালকের। মেষপালকের সাথে হাঁটতে হাঁটতে তিনি শহরের বাইরে চলে এলেন। কোনো এক নির্জন স্থানে এসে মেষপালককে অনুরোধ করলেন পোশাক বদলের জন্য। অতঃপর মেষপালকের ময়লা ছেঁড়া জামা গায়ে জড়িয়ে অজানা গন্তব্যের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একটি গুহায় প্রবেশ করলেন এবং সেখানে ধ্যানমগ্ন হয়ে ‘জিকরুল্লাহ’ বা আল্লাহর জিক্‌র শুরু করেন। তার এই ধ্যান ভাঙে ৪ দিন পর! সেদিন গুহা থেকে বের হয়ে তিনি বুঝতে পারেন নিজের মধ্যে গুণগত পরিবর্তন চলে এসেছে। তিনি দিব্যজ্ঞান লাভ করেছেন!
“আমার একাকীত্ব যাপন শুরু হয় ফজরের সময়, যখন সূর্যকিরণ ধীরে ধীরে সব অন্ধকার দূর করে দিতে থাকে। তখন ‘গায়েবি’ (অদেখা/অদৃশ্য) জগতের রহস্যগুলো আমার কাছে একে একে জট খুলতে থাকে। ১৪ মাস আমি নির্জনে ধ্যান করেছি, সেগুলো দেখেছি আর লিখে রেখেছি।” – ইবনে আরাবী
এই ঘটনার পর আল আরাবীর জীবনধারা চিরতরে পাল্টে যায়। তিনি প্রায় ১৪ মাস একটানা নিভৃতচারীর মতো জীবন যাপন করেন। এ সময় তিনি কেবলই একজন মানুষের সাথে সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন। তিনি হচ্ছেন তার দীক্ষা গুরু শেখ ইউসুফ বিন ইউখালফ আল কুমি। টানা ১৪ মাসের নিভৃতযাপন শেষে তিনি নিজ বাসস্থানে ফিরে গেলেও সরকারি কাজে আর যোগ দেননি। যাবতীয় অর্থ সম্পদের মোহ ত্যাগ করে তিনি কেবল জিক্‌র আজগারে সময় ব্যয় করতেন।
দ্রুতই ইবনে আরাবীর আধ্যাত্মিক গুণের কথা দিকে দিকে ছড়িয়ে পড়তে লাগলো। তার সুনাম ছড়িয়ে পড়লো পুরো আন্দালুসিয়ায়। তার বাবার বন্ধু ইবনে রুশদও তার ব্যাপারে অবগত হন এবং তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। এ সাক্ষাৎ দুটি কারণে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত, রুশদের সাথে আরাবীর শৈশবে সাক্ষাৎ হয়েছিল, বয়সকালে আর হয়ে ওঠেনি। দ্বিতীয়ত, দুজন দুই মেরুর শ্রেষ্ঠ মানুষের সাক্ষাৎ ছিল এটি। রুশদ ছিলেন একজন আপাদমস্তক যুক্তিবাদী মানুষ, যিনি সকল প্রকার জ্ঞানকে যুক্তির ছাঁচে ফেলে ঝালিয়ে নিতেন। আর আরাবী ছিলেন এখন দৃষ্টবাদী মানুষ, যিনি আধ্যাত্মিকতার পূজারী ছিলেন।
ইবনে রুশদ; source: elbadil.com
এই সাক্ষাৎ দুজনের জন্যই বেশ গুরুত্বপূর্ণ ছিল। ইবনে রুশদ এই সাক্ষাতে আধ্যাত্মিকতা সম্বন্ধে প্রশ্ন করেন, দিব্যজ্ঞানের আগমন সম্পর্কে প্রশ্ন করেন। তাছাড়া আরাবীর নিভৃতে জীবন যাপনের নানা দিক নিয়ে জানার কৌতুহল দেখান তিনি। আরাবীর সাথে এই সাক্ষাতের পরই আধ্যাত্মিকতা নিয়ে পুনরায় চিন্তভাবনা শুরু করেছিলেন রুশদ। অন্যদিকে আরাবীও দর্শনের খুঁটিনাটি জানবার সুযোগ পান। যদিও আরাবী নিজেও একজন উৎকৃষ্ট দার্শনিক ছিলেন, তথাপি রুশদের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা। আধ্যাত্মিকতার মাঝে বিচরণ করেই কীভাবে দার্শনিকতায় নিজেকে সমৃদ্ধ করা যায়, সে অনুপ্রেরণা তিনি রুশদের কাছেই পেয়েছিলেন।
৪০ বছরের মধ্যেই জীবনের ভ্রমণ অংশটাও সম্পন্ন করেন ইবনে আরাবী। তিউনিস, ফেজ, মারাক্কেশ, বাগদাদ, সিরিয়া, কায়রো, আলেকজান্দ্রিয়া সহ তৎকালীন পৃথিবীর মোটামুটি সকল গুরুত্বপূর্ণ জ্ঞানকেন্দ্রগুলোতে ভ্রমণ করে ফেলেন তিনি। এরপর তিনি পবিত্র মক্কা নগরীতে ভ্রমণ করেন হজ্বব্রত পালনের জন্য। কিন্তু কাবাশরীফ তাওয়াফ করাকালীন তিনি আবারো একটি দৈব আদেশ পান। তাকে মক্কায় কিছুকাল থাকার জন্য বলা হয়। আদেশ মেনে তিনি মক্কায় ৪ বছর অবস্থান করেন এবং চারটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। এদের মধ্যে ‘মিশকাত আল আনওয়ার’ বা হাদিস সমগ্র, ‘রুহু আল কুদুস’ বা আন্দালুসিয়ার সুফিদের জীবনী, ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। অন্যদিকে মক্কায় থাকাকালীনই ইবনে আরাবী তার জীবনের শ্রেষ্ঠ রচনা ‘ফুতুহাত আল মাক্কিয়াহ’ রচনার কাজ শুরু করেন।
ক্রুসেডের সময় ইবনে আরাবী আনাতোলিয়ার (তুরস্ক) শাসক সুলতান কায় কাউসের নিকট চিঠি লিখে কঠোরহস্তে ক্রুসেডারদের দমনের অনুরোধ জানান। এর কিছুকাল পর তিনি নিজেই আনাতোলিয়া ভ্রমণ করেন কায় কাউসের সাথে সাক্ষাৎ করার জন্য। সেখানে বেশ কয়েকবছর বসবাস করে দামস্কে স্থায়ী হবার পরিকল্পনা করেন। এখানে থাকাকালীনই বিগত ৩০ বছরের আধ্যাত্মিক শিক্ষা এবং অভিজ্ঞতা নিয়ে রচনা করেন ‘ফুতুহাত আল মাক্কিয়াহ’। এখানেই ১২৪০ খ্রিস্টাব্দের ৪০ নভেম্বর পরলোকগমন করেন বিখ্যাত সুফি দার্শনিক ইবনে আরাবী।
ইবনে আরাবীর কবর বর্তমানে সংরক্ষিত আছে; source: flickr.com
ইবনে আরাবী নিজের সকল কাজের তালিকা তৈরি করেছিলেন। তার সে তালিকা অনুযায়ী তার মোট লেখার সংখ্যা ২৫১টি, যেগুলোর মধ্যে কিছু অনুবাদকর্মও রয়েছে। যদিও ইতিহাসের বিভিন্ন উদ্ধৃতি অনুযায়ী তার মোট কাজের সংখ্যা ৮০০ ছাড়িয়ে যায়। তার সবচেয়ে বিখ্যাত ১৬টি বই অনুদিত হয়েছে ভিন্ন ভিন্ন ভাষায়। তবে, তার এত সংখ্যক লেখার কোনোটিইরই আদি কপি বা পাণ্ডুলিপি পাওয়া যায় না।
এক্ষেত্রে আবার বিতর্কও রয়েছে। কিছু পাণ্ডুলিপিকে অনেকে তার সময়ের বলে উল্লেখ করলেও, অধিকাংশের ধারণা সেগুলো পরবর্তী সময়ের হাতে লেখা প্রতিলিপি মাত্র। যেগুলো আমরা পাই, সেগুলো হয় অনুবাদ কিংবা ছাপা প্রতিলিপি। কেবল তার প্রগাঢ় জ্ঞান আর গভীর সুফি চিন্তা ধারার জন্য তাকে সুফিবাদের শ্রেষ্ঠ শিক্ষক বলা হতো না, বরং সুফিবাদকে তাত্ত্বিক করে তোলার পেছনে তার অবদানের জন্যই তিনি এরূপ খেতাবে ভূষিত হয়েছেন। তার শ্রেষ্ঠ কাজগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা উল্লেখ করছি পাঠকের সুবিধার জন্য।
  • আল ফুতুহাত আল মাক্কিয়াহ (দ্য মাক্কান ইলুমিনেশন): এটি ইবনে আরাবীর শ্রেষ্ঠ রচনা। ৩৭ খণ্ডের এই মহাগ্রন্থটি আধুনিককালে ৪ খণ্ডে প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৬০টি অধ্যায়ে রহস্যময় সুফি দর্শন থেকে শুরু করে অধিবিদ্যিক দর্শন, সবই আলোচনা করা হয়েছে।
  • ফুসাস আল হিকাম (দ্য রিংটোন অব উইজডম): উপরের ৫৬০ অধ্যায়ের মহা গ্রন্থটি পড়ার যদি সময় না থাকে, তাহলে আপনি এই গ্রন্থটি পড়তে পারেন। এটিকে অনেক সময় ইবনে আরাবীর জীবন ও দর্শনের সারসংক্ষেপ বলা হয়ে থাকে।
  • দিওয়ান: আল আরাবীর কবিতাসমগ্র।
  • রুহ আল কুদস (হোলি স্পিরিট ইন দ্য কাউন্সেলিং অব দ্য সোল): আন্দালুসিয়ায় থাকাকালীন নিজের অভিজ্ঞতাকে পুঁজি করে লিখেছেন এই বইটি। বইটি তৎকালীন সুফিদের জীবনী নির্ভর।
  • মাসাহিদ আল আশরার (কটেমপ্লেশন অব দ্য হোলি): নিজের জীবনের মোট ৬টি দৈবঘটনা এবং আদেশ নিয়ে লিখেছেন এই বইটি।
  • মিশকাত আল আনওয়ার (হাদিস সংকলন): ১০১টি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ।
  • তারজুমান আল আশওয়াক (দ্য ইন্টারপ্রেটার অব ডিজায়ারস): স্বপ্নের ব্যাখ্যা এবং ভাগ্য বিষয়ক আলোচনা।
  • আইয়াম আল শা’ন (দ্য বুক অব গড’স টাইম): সময়ের উৎপত্তি এবং প্রবাহ নিয়ে দার্শনিক আলোচনা।
  • উনকা মুঘরিব: সুফিবাদের সংজ্ঞা এবং বিস্তারিত।
ফুতুহাত আল মাক্কিয়াহ; source: shop.ihrc.org
ইবনে আরাবীর কিছু দর্শন যতটা সহজ ছিল, কিছু দর্শন ছিল ঠিক ততটাই দুর্বোধ্য। দর্শন এবং সুফিবাদের ক্ষেত্রে তার ভাষারীতি এবং বর্ণনার ধরণ সম্পূর্ণ আলাদা। তার শব্দচয়ন এবং বুনন ছিল অত্যন্ত উচ্চমানের। তার লেখা পড়তে সুবিধা করার জন্য তার অনুসারীর কেবল তার লেখার জন্য পৃথক একটি অভিধান তৈরি করেছিলেন! পবিত্র কুরআনে যেরূপ মানবজাতির প্রতি সার্বিক বিধানসমূহ অত্যন্ত গম্ভীর এবং ঝংকারপূর্ণ কবিতার আকারে এসেছে, ইবনে আরাবীর কবিতাগুলো কিছুটা তেমনই। সমগ্র কুরআন একটি অতি উৎকৃষ্ট সাহিত্য। আর এই সাহিত্যকে আদর্শ ধরেই নিজে সাহিত্য রচনা করেছেন আরাবী।
অন্যদিকে আল আরাবীর ফুতুহাত গ্রন্থটিকে এককথায় সুফিবাদের বিশ্বকোষ বলা যেতে পারে। সুফিবাদের তিনটি মূল স্তম্ভ যুক্তি, প্রথা এবং অন্তর্দৃষ্টিকে তিনি অনুপম দক্ষতায় ব্যাখ্যা করেছেন এই গ্রন্থে। এই গ্রন্থেই তিনি তার বিখ্যাত দর্শন ‘ওয়াহাদাত আল ওয়াজুদ’ বা ‘ইউনিটি অব বিং’ এর পরিচয় করান। এর সহজ বাংলা হতে পারে অস্তিত্ব বা সত্তার একত্ব। তার এই দর্শনের মূল উদ্দেশ্যই ছিল মানুষকে তার অন্তর্নিহিত শক্তি আর সম্ভাবনার নাগাল পাইয়ে দেয়া। যিনি সঠিক পথে গিয়ে নিজের প্রকৃত ক্ষমতা উন্মোচন করতে পারবেন, তিনি ‘ইনসান আল কামিল’ বা পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবেন।
এককথায় ইউনিটি অব বিং এর মূলকথা হচ্ছে, “যেহেতু সৃষ্টিকর্তা সবকিছুর উর্ধ্বে এবং সর্বোৎকৃষ্ট, তাই তিনি বিশ্বব্রহ্মাণ্ড থেকে আলাদা নন কিংবা বিশ্বসংসার তার থেকে আলাদা নয়। বরং, সমগ্র মহাবিশ্ব তার মাঝেই নিমগ্ন আছে!” কিন্তু তার এই গভীর চিন্তা সমকালীন অনেকেই ধরতে পারেনি। ফলে তাকে ‘সর্বেশ্বরবাদী’ উপাধি দেয় অনেকে এই যুক্তিতে যে, তিনি সর্বত্র সৃষ্টিকর্তার উপস্থিতি বিরাজমান বলেছেন হেতু তিনি সবকিছুকেই সৃষ্টিকর্তা বিবেচনা করেন! অথচ তার এই দর্শনে অত্যন্ত চমৎকারভাবে মানুষের জন্য পূর্ণাঙ্গ হয়ে ওঠার বাণী রয়েছে। সৃষ্টিকর্তা যেমনি তার সৃষ্টির মাঝে বিরাজমান, অন্য কথায় তার মাঝেই তার সৃষ্টি নিমজ্জিত হয়ে আছে, তেমনি একজন যথযথ পূর্ণাঙ্গ মানুষ তার কাজের মাঝেই বিরাজমান। অধ্যবসায় আর সাধনার মাধ্যমেই কেবল মানুষ পূর্ণতা লাভ করতে পারে। আর যিনি পূর্ণতা লাভ করেন, তিনি সৃষ্টিকর্তাকে চিনতে পারেন।
সিরিয়ার দামেস্কে ইবনে আরাবীর মাজার; source: dissertationreviews.org
ইবনে আরাবী শুধু সমকালীন সুফিদের শিক্ষক ছিলেন না, তিনি তার পরবর্তী সময়ের সকল সুফি সাধকের জন্য এক চিরন্তন অনুপ্রেরণাদায়ী আদর্শ হয়ে আছেন। সুফিবাদ তার দ্বার যতটুকু প্রভাবিত হয়েছে তা অন্যান্যদের ক্ষেত্রে কল্পনার অতীত। কিন্তু তাই বলে তিনি একজন নিছক সুফি সাধক নন, তিনি একজন উৎকৃষ্ট দার্শনিকও বটে। ইসলামের গৌরবময় স্বর্ণযুগের মহান মনিষীদের দর্শন পড়া অসম্পূর্ণ থেকে যাবে তার দর্শন ছাড়া। শেষ করবো তার একটি উক্তি দিয়ে।
“অজ্ঞ ব্যক্তি তার অজ্ঞতা সম্পর্কেও অজ্ঞ। কারণ সে তার অজ্ঞতায় প্রতিনিয়ত অবগাহন করে চলে! জ্ঞানী ব্যক্তিও তার জ্ঞান সম্পর্কে জ্ঞানী নয়। কারণ সে প্রতিনিয়ত তার জ্ঞানের আলোয় অবগাহন করে চলে! আর যে ব্যক্তি আল্লাহর একক অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে, একটি গাধাও তার চেয়ে বেশি জ্ঞান রাখে বলে সে প্রমাণ করে!”
ফিচার ছবি: en.qantara.de
ইবনে আরাবী: দিব্যজ্ঞান লাভ করা এক সুফি দার্শনিক ইবনে আরাবী: দিব্যজ্ঞান লাভ করা এক সুফি দার্শনিক Reviewed by Anonymous on April 25, 2018 Rating: 5

সামি ইউসুফ: একটি পবিত্র বিশ্বাস ও স্পিরিটিকের প্রতিষ্ঠাতার কথা

April 24, 2018
টেলিভিশনে কোনো ইসলামী প্রোগ্রাম দেখছেন। প্রোগ্রামের একপর্যায়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজে উঠল অপার্থিব, পবিত্র এক সুর। সেই সুরের তরঙ্গ আপনার মনের গভীরে আঘাত হানল, আপনাকে ডুবিয়ে দিল অপার মুগ্ধতার নতুন এক ভুবনে। অভিভূত আপনি নিজের অজান্তেই প্রেমে পড়লেন অচেনা সেই সুরলহরীর। তারপর নেশাগ্রস্থ প্রেমিকের মতোই খুঁজতে শুরু করলেন সেই না চেনা সুরের প্রকৃত উৎসকে। এভাবেই একসময় আবিষ্কার করলেন আপনার নতুন প্রেমটির নাম সামি ইউসুফ।
সামি ইউসুফ; Source: oman observer
ইসলামী সঙ্গীতের দেদীপ্যমান নক্ষত্র সামি ইউসুফের সাথে অনেকের প্রথম পরিচয়টা এভাবেই হয়। সারা পৃথিবীর রেডিও, টেলিভিশন, নগরচত্বর, স্টেডিয়াম থেকে জনাকীর্ণ কনসার্ট হল সর্বত্রই শোনা যায় সামি ইউসুফের আকর্ষণীয় কন্ঠের সুমধুর সুর। সামি ইউসুফ সম্ভবত ইসলামী চেতনাসম্পন্ন একমাত্র মুসলিম শিল্পী যাকে দুনিয়ার তাবৎ মূলধারার প্রচারমাধ্যম ফলাও করে প্রচার করেছে। সামি ইউসুফ হচ্ছেন এমন একজন শিল্পী যাকে তাজিকিস্তানে প্রেসিডেন্টের মতো অভ্যর্থনা জানানো হয়, তুরস্কে যার কনসার্টে লক্ষ লোকের ঢল নামে, মধ্যাপ্রাচ্য যার ভক্ত-অনুরাগীর সংখ্যার কোনো হিসাব নেই।
কেউ তাকে বলে ‘Islam’s biggest rockstar’, আবার কেউ বলে, ‘The biggest British star in the Middle East’। বেশিরভাগ মানুষ তাকে প্রখ্যাত ইসলামী সঙ্গীতশিল্পী বা কন্ঠশিল্পী হিসেবে চিনলেও তার পরিচয় আরো বেশি ব্যাপক, আরো বেশি বিস্তৃত।
সামি ইউসুফের পারদর্শিতা শুধু কন্ঠের সুনিপুণ ব্যবহারে জাদুময় সুরের প্রক্ষেপণেই নয়, সেই মোহনীয় সুরের স্রষ্টাও তিনিই। বহুবিধ বাদ্যযন্ত্রে অসাধারণ দক্ষতা তার সঙ্গীতপ্রতিভাকে ভিন্নমাত্রা দিয়েছে। সঙ্গীতপ্রযোজনার ক্ষেত্রেও তার অবদান রয়েছে। সেই সাথে তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানবতার এক মহান সেবকের ভূমিকায় আবির্ভূত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে সামি ইউসুফকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সামি ইউসুফকে নিয়েই আমাদের আজকের আয়োজন।

নক্ষত্রের জন্ম

ঐতিহাসিক তাব্রিজ শহরটি উত্তর-পশ্চিম ইরানের উত্তর আজারবাইজান প্রদেশের রাজধানী শহর। সামি ইউসুফের দাদু এই তাব্রিজ শহরের বাসিন্দা ছিলেন। তিনি আজারবাইজানের রাজধানী বাকু থেকে তাব্রিজে বসবাস করতে আসেন।
তাব্রিজ শহরের একাংশ; Source: wikimedia commons
সামি ইউসুফের জন্ম অবশ্য তাব্রিজে নয়, ইরানের আধুনিক রাজধানী তেহরানে। ১৯৮০ সালে ১৯ জুলাই তেহরানের এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন সামি ইউসুফ। তার বাবা-মা দুজনই ছিলেন সঙ্গীতাঙ্গনের মানুষ। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে সামি ইউসুফ সবচেয়ে ছোট। তার বয়স যখন তিন বছর, তখন তার পরিবার পাড়ি জমায় ইংল্যান্ডে।

শৈশব ও কৈশোর:শিল্পের সান্নিধ্যে

সামি ইউসুফের শৈশব কেটেছে পশ্চিম লন্ডনের ইলিং এলাকায়। লন্ডনে সামি ইউসুফের বাবা বাবাক রাদমানেশ ছিলেন বিখ্যাত ইরানি কবি, গীতিকার ও সুরকার। তিনি ইরানি শিল্পীদের জন্য গান লিখতেন, সুর করতেন। সেই সুবাদে ইরানের প্রথিতযশা শিল্পীদের যাতায়াত ছিল সামি ইউসুফদের বাসায়। এমন সব মেধাবী ও খ্যাতনামা শিল্পীদের সাথে শিশু সামি অনায়াসে মিশতে পারতেন। তাদের সাথে গল্পে মেতে উঠতেন। শৈশবে বিশিষ্ট শিল্পীদের সান্নিধ্য তার সঙ্গীতজ্ঞ ক্যারিয়ারে প্রখ্যাত শিল্পীদের সাথে কাজ করার আত্মবিশ্বাস ও সাহস যুগিয়েছিল।
সামি ইউসুফের সৃষ্টিশীল সুরযাত্রার শুরু তার বাবার হাত ধরে। তার বাবা শুধু সুরকারই ছিলেন না, তিনি ছিলেন বহু বাদ্যযন্ত্রে পারদর্শী একজন দক্ষ সঙ্গীতজ্ঞ। তিনি সঙ্গীতের নামকরা শিক্ষকও ছিলেন।
বাবার সাথে সামি ইউসুফ; Source: youtube
বাবার কল্যাণে সব ধরনের গানের সাথে সামির পরিচয় হয় শৈশবেই। তবে তার শুরুটা গান দিয়ে নয়, বাদ্যযন্ত্র দিয়ে। টনবাক নামের একটি পার্সিয়ান বাদ্যযন্ত্র দিয়েই হাতেখড়ি হয়েছিল তার। সেই ছোটবেলাতেই সঙ্গীতের প্রতি প্রচন্ড আগ্রহ ছিল তার। সেই আগ্রহ থেকেই ছয় বছর বয়সে যখন বাবার কাছে গান শেখার আগ্রহ প্রকাশ করেন, তখন তার বাবা বলেছিলেন তাকে বই পড়ে শিখতে হবে। একবার তার বাবা তাকে পড়তে বলে নাস্তা করতে যান। তিনি ফিরে এলে সামি জানালেন তার পড়া শেষ হয়েছে। তার বাবা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি সামিকে টনবাক বাজিয়ে দেখাতে বলেন। সামি বাজিয়ে দেখালে তার বাবা বিস্মিত হন এবং আগ্রহের সাথে তাকে সঙ্গীতের দীক্ষা দিতে শুরু করেন। এরপর সামি পিয়ানো, ভায়োলিনের মতো আধুনিক বাদ্যযন্ত্র থেকে সানতুর, ওউদ, তার, ডাফের মতো ঐতিহ্যবাহী ইরানি, তুর্কি, সিরিয়ান বাদ্যযন্ত্রও বাজাতে শেখেন।

সঙ্গীতে উচ্চশিক্ষা

সামি ইউসুফের বয়স যখন ষোল বছর তখন তার মনে ইসলামী চেতনা ও মূল্যবোধ জাগরিত হয়। তিনি ইসলামের জন্য কাজ করতে চাচ্ছিলেন। তাই তিনি মিউজিক ছেড়ে দিয়ে আইন পড়তে মনস্থ করেন। কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু বারা খেরিজি তাকে বোঝালেন যে, গানের মাধ্যমেও আল্লাহ ও রাসূল (সা.) এর প্রতি ভালবাসা প্রকাশ করা সম্ভব। সম্ভব সেই ভালবাসাকে দুনিয়াতে ছড়িয়ে দেয়া। সামি তার বন্ধুর কথায় প্রভাবিত হন।
রয়েল মিউজিক কলেজ অব লন্ডন; Source: courseiram.com
তারপর তিনি পৃথিবীতে সঙ্গীতশিক্ষার অন্যতম সেরা পীঠস্থান রয়্যাল মিউজিক কলেজ অফ লন্ডন থেকে প্রাচ্য ও ভারতীয় সঙ্গীতশাস্ত্রে ডিগ্রী নেন।

শিল্পী সামি ইউসুফের আবির্ভাব

সামি ইউসুফ চেয়েছিলেন সুরকার বা সঙ্গীতজ্ঞ হতে। কন্ঠশিল্পী হওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না। তিনি কন্ঠশিল্পী হয়ে ওঠেন নিছক দুর্ঘটনাবশত। একবার বিখ্যাত পার্সিয়ান শিল্পী ওমিদকে গানের ডেমো দেয়ার কথা ছিল সামির বাবার। কিন্তু তিনি অসুস্থ হওয়ায় ডেমো দিতে গেলেন সামি ইউসুফ। তার ডেমো শুনে ওমিদ বলেছিলেন, দারুণ গেয়েছেন সামি। সামি ইউসুফের পরিবারও এরপর তাকে উৎসাহ দেয় গান গাইতে। তারপর সামি প্রস্তুতি নেন গানের অ্যালবাম বের করার। ২৩ বছর বয়সে ২০০৩ সালে ‘Awakening Record’ এর ব্যানারে প্রকাশিত হয় সামি ইউসুফের প্রথম অ্যালবাম ‘Al Mu’allim’।
Al Mu’allim গানে সামি ইউসুফ; Source: youtube
এই অ্যালবামের সব গানের প্রযোজনা, সুর সৃষ্টি, সঙ্গীত পরিবেশনা সবই তিনি একাই করেছিলেন। আটটি ট্র্যাক সম্বলিত অ্যালবামটি বের হওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতে ব্যাপক সাড়া ফেলে দেয়। অ্যালবামটির ফিচার গান ‘Al Mu’allim’ মুসলিম বিশ্বে তাৎক্ষণিকভাবে তুমুল হিট পায় এবং তুরস্ক ও মিশরে পর পর বারো সপ্তাহ ধরে টপ চার্ট দখল করে রাখে। বিশ্বব্যাপী অ্যালবামটির বিক্রি সাত মিলিয়ন কপি ছাড়িয়ে যায়। এই অ্যালবামটির শেষ ট্র্যাক ‘Supplication’ ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলিউড সিনেমা ‘The kite runner’ এ ব্যবহৃত হয়। এরপর ২০০৫ সালে প্রকাশিত হওয়া তার দ্বিতীয় অ্যালবাম ‘My Ummah’ তার জন্য বয়ে নিয়ে আসে অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। চৌদ্দটি ট্র্যাকের এই অ্যালবামে প্রাচ্য এবং পাশ্চাত্য দুই ধরনের মিউজিকের সমন্বয় ঘটানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে।
Hasbi Rabbi গানে সামি ইউসুফ; Source: tune.pk
এই অ্যালবামের ‘Hasbi Rabbi’ গানটি মিশরে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায় এবং অ্যালবামটি চার মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। তারপর বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, রোলিং স্টোনের মতো পৃথিবীর খ্যাতনামা মূলধারার প্রচারমাধ্যমগুলো তাকে নিয়ে লেখালেখি করে। ২০০৬ সালে টাইম ম্যাগাজিন সামি ইউসুফকে ‘Islam’s biggest rockstar’ আখ্যা দেয়। দ্য গার্ডিয়ান তাকে বলে ‘Biggest British star in the Middle East’, আল-জাজিরা বলে ‘King of islamic pop’। সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য ২০০৯ সালে University of Roehampton তাকে সম্মানসূচক ‘Doctors of Letters’ ডিগ্রী প্রদান করে।
সামি ইউসুফকে ‘Doctor of Letters’ ডিগ্রী প্রদান অনুষ্ঠান; Source: youtube
এরই মাধ্যমে তিনি সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে জায়গা করে নেন মার্ক টোয়েন, জে. কে. রোলিং, রবার্ট ফ্রস্টদের কাতারে। ২০০৯ সালে তার নাম ওঠে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায়। তার গানে মিউজিক ব্যবহার নিয়ে অবশ্য মুসলিম বিশ্বে সমালোচিত ও বিতর্কিতও হতে হয় তাকে। তিনি এ ব্যাপারে বলেন, “ইসলামে কিছু কিছু জিনিস দ্ব্যর্থহীন সত্য। যেমন- বিশ্বাস। আবার কিছু কিছু জিনিস সম্পর্কে বিতর্কের অন্ত নেই। মিউজিক সেরকম একটি বিষয়। তাই সমালোচনায় কান দেয়ার সময় আমার নেই।“

একটি প্রতারণা ও বিষন্নতার গল্প

‘Awakening Records’ সামি ইউসুফের প্রথম দুটি অ্যালবাম প্রচার ও পরিবেশন করেছিল। তাদের সাথে সামি পাঁচটি অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হন। সামি দাবী করেন অ্যাওয়েকেনিং রেকর্ডস তার তৃতীয় অ্যালবাম ‘Without you’ সামির কোনোরকম সম্মতি ছাড়াই প্রকাশ করেছে। সামি ইউসুফ তার ওয়েবসাইটে জানান, তারা ডেমো এবং স্কেচগুলো সংকলন করেছে যা তার অ্যালবামের জন্য গাওয়া মানসম্পন্ন গানগুলোর তুলনায় খুবই নিম্নমানের। তিনি বলেন, ”আমি পরিষ্কার করে বলতে চাই যে, এই মানের রেকর্ডিং নিয়ে বানানো কোনো অ্যালবাম কেবল আমার ইচ্ছা ও সম্মতির বিরুদ্ধেই বাজারে ছাড়া সম্ভব।“
এদিকে অ্যাওয়েকেনিং রেকর্ডস দাবী করে অ্যালবামটির মান যথেষ্ট উন্নত বলেই তারা বাজারে ছেড়েছে। এই দ্বন্দ্বের কারণে সামি তার ভক্তদের এই অ্যালবামটি বর্জন করার অনুরোধ জানান এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। রেকর্ড কোম্পানির এহেন প্রতারণাপূর্ণ আচরণে সামি মনে খুব আঘাত পান। এর প্রতিফলন লক্ষ্য করা যায় তার পরবর্তীতে গাওয়া গানগুলোতে।

নতুন অধ্যায়ের সূচনা

২০০৯ সালের মাঝামাঝিতে সামি ইউসুফ যুক্তরাজ্যভিত্তিক রেকর্ড কোম্পানি ‘ETM International’ এর সাথে চুক্তিবদ্ধ হন। নতুন রেকর্ড কোম্পানির ব্যানারে ২০১০ সালে সামি প্রকাশ করেন তার অফিসিয়াল তৃতীয় অ্যালবাম ‘Wherever you are’।
Source: pinterest
এই অ্যালবামের ‘Wherever you are’ গানটি তিনি লিখেন যখন তিনি ভীষণ হতাশায় ছিলেন। গানটি সম্পর্কে তিনি বলেন, ”স্রষ্টার কাছাকাছি থাকার সময়টুকুই আমার কাটানো শ্রেষ্ঠ সময়। আমি কখনোই আশা হারাইনি, কিন্তু সেই সময়টাতে মনে হচ্ছিল যেন আমি ধৈর্য্যের শেষসীমায় পৌঁছে গেছি। এই গানটি সেই তিক্ত অনুভূতিকে বিদায় জানানোটাই প্রকাশ করে।” নতুন অ্যালবামে তিনি ইয়ান ব্রাউন, কনার রিভস ও সেজেন আকসুর মতো বিখ্যাত সঙ্গীতজ্ঞদের সাথে জোট বেধে কাজ করেছেন। তিনি এই সময়টিকে তার ক্যারিয়ারের ‘নতুন অধ্যায়’ বলে ঘোষণা করেন।
‘Salaam’ অ্যালবামের প্রচ্ছদ; Source: samiyusufofficial
এরপর ২০১২ সালে প্রকাশিত হয় তার চতুর্থ অ্যালবাম ‘Salaam’ এবং ২০১৪ সালে ‘The Centre’।
Source: pinterest
‘The centre’ অ্যালবামটির ব্যাপারে তার আশা ছিল অ্যালবামের গানগুলোর আধ্যাত্মিক আবহ শ্রোতাকে তাদের আধ্যাত্মিক কেন্দ্রকে খুঁজে বের করার অনুপ্রেরণা যোগাবে। সময় নিয়ে গাওয়া অ্যালবামটির টাইটেল গাব ‘The centre’ এর কথাগুলো ছিল ভীষণ চমকপ্রদ –
‘This is the centre, that is the centre of all wheres
Now is the moment of at the heart of all times’
২০১৫ সালে বের হয় সামি ইউসুফের ষষ্ঠ অ্যালবাম ‘Songs of the way’। এই অ্যালবামর গানের কথাগুলো নেয়া হয়েছে ইরানি দার্শনিক সাইয়্যেদ হোসাইন নাসের এর কাব্যগ্রন্থ ‘Poems of the way’ এবং ‘The pilgrimage of Life’ থেকে। ২০১৬ সালে প্রকাশিত হয় তার সপ্তম এবং এখন পর্যন্ত সর্বশেষ অ্যালবাম ‘Barakah’।

ইসলামী পপ নয়, স্পিরিটিক

সামি ইউসুফ যে বিশেষ ধাঁচের গান করেন সেটাকে অনেকে ইসলামী রক বলতে চান। কেউ আবার এটাকে বলতে চান ইসলামী পপ সংস্কৃতি। সামি ইউসুফ তার গানের এ ধরনের নামকরণ একদমই পছন্দ করেন না। তিনি মনে করেন, তার গান এক ধরনের পবিত্র সঙ্গীত, যাকে পপ তো নয়ই, কোনো প্রচলিত সঙ্গীত-প্রকরণের মধ্যে ফেলা যায় না। বরং এটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রকরণ। তিনি এই ধারার সঙ্গীতের নাম দিয়েছেন ‘Spiritique’। সামি বলেন, স্পিরিটিক হচ্ছে অসীম জ্ঞানের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ”সব ঐতিহ্য বা সংস্কৃতিতেই কিছু জ্ঞান বা সত্য আছে। সেটা বুলি শাহ বা জালালুদ্দীন রুমির দর্শনই হোক আর এরিস্টটলের মতো গ্রিক দার্শনিকদের শিক্ষাই হোক। আমি সেই সত্যের কথা বলি।”
তিনি তার গানকে নাশীদ বা ইসলামী সঙ্গীত বলতেও নারাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনি আপনার গানকে একবার ‘ধর্মীয় সঙ্গীত’ আখ্যা দিলেন মানে অনেক লোকের কাছেই পৌঁছানোর দরজা কার্যকরভাবে বন্ধ করে দিলেন। আমি পবিত্রতাকে পছন্দ করি। তা যেভাবেই প্রকাশ করা হোক না কেন। আমি আধ্যাত্মিকতাকে ভালবাসি। আমি আমার ইসলামী বিশ্বাস ও ঐতিহ্য নিয়ে গর্ববোধ করি। আমার ধর্মবিশ্বাস আমাকে গান গাইতে অনুপ্রাণিত করে। আমি কখনোই এটি নিয়ে লজ্জিত নই। কিন্তু আমি একইসাথে সত্যপ্রেমী। যে সত্য পৃথিবীর প্রধান প্রধান সংস্কৃতিতেও আছে।’
সামি ইউসুফ বিশ্বাস করেন, সঙ্গীত আধ্যাত্মিক উদ্দেশ্য সাধন করতে পারে। তিনি বলেন, “সঙ্গীত মানুষকে এক বাঁধনে বাঁধতে পারে, সম্মান, দয়া আর ভালবাসার বাণী ছড়াতে পারে।“ এজন্যই দেখা যায় সব ধর্মের মানুষ তার গান শুনতে আসে। তিনি বলেন, ”বিশ্বব্যাপী আমার গানের প্রতি মানুষের সাড়াটা রীতিমত বিস্ময়কর। অনেক দূর থেকে মানুষ আমার গান শুনতে আসে। ওয়েম্বলি এরেনার মতো কিছু কিছু জায়গায় আমি দেখেছি, অন্য ধর্মবিশ্বাসের মানুষও এসেছে এবং আমাকে অনুপ্রেরণা দিয়েছে। কারণ আমি গানে হাজার বছর ধরে চলে আসা সার্বজনীন সত্যের কথা বলি যা সবাই বুঝতে পারে, নিজেদের সাথে মেলাতে পারে। এটাই আমার গানের আধ্যাত্মিক দিক।“
সামি ইউসুফ তার আধ্যাত্মিক ভাবধারার গান গেয়েছেন ইংরেজি, আরবী, তুর্কি, ফারসী, আজেরী, উর্দু ও মালয় ভাষায়।

পবিত্র সুর মুর্ছনার বিস্তৃতি

সামি ইউসুফ যখন প্রথম শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তখন তার অসাধারণ কন্ঠ, তার গানের শান্তি আর ভালবাসার বার্তা আর তার সৌম্য চেহারা ও অত্যন্ত বিনয়ী আচরণে মুগ্ধ হয়ে তরুণ প্রজন্মের অনেকেই তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। তা-ই বলে সামি ইউসুফ যে শুধু তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় তা ভাবার কোনো কারণ নেই। সব বয়সের, সব আদর্শের, সব ধর্মের মানুষ তার গান শোনেন। অনেকের কাছেই তিনি রীতিমত নায়ক। এরকম অসাধারণ ব্যক্তিত্বের, অনুপম গায়কীর, তুমুল জনপ্রিয় আর ভালবাসার এক শিল্পীর গান যে মানুষ সরাসরি শুনতে চাইবে তা তো খুবই স্বাভাবিক। তার জনপ্রিয়তা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা- চার মহাদেশজুড়ে বিস্তৃত। তাই চার মহাদেশ ভ্রমণ করেই তার ভক্তদের জন্য কনসার্ট করেন।
ওয়েম্বলি এরেনাতে গান গাইছেন সামি ইউসুফ; Source: pinterest
তিনি লন্ডনের ওয়েম্বলি এরেনা, লস এঞ্জেলস এর শ্রিন অডিটরিয়াম, কেপটাউনের ভেলোড্রম এর মতো জায়গায় গান গেয়েছেন। তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের তাকসীম স্কয়ারে তার গান শুনতে ভীড় করে আড়াই লক্ষ মানুষ! এছাড়া ওয়াশিংটন ডিসি বা দুবাইয়ের মতো রাজকীয় শহরগুলোতেও তিনি গান গেয়েছেন। তার মাতৃভূমি আজারবাইজানে তিনি প্রথম গান করেন ২০০৬ সালে।
আজারবাইজানের বাকুতে পারফর্ম করার আগে সংবাদ সম্মেলনে সামি ইউসুফ; Source: apa.az
দ্বিতীয়বার আজারবাইজানে তাকে গান গাইতে দেখা যায় রাজধানী বাকুর হায়দার আলিয়েভ প্যালেসে ২০১৭সালে।

একটি পবিত্র বিশ্বাস

শিল্পী হিসেবে সামি ইউসুফ যে খ্যাতি অর্জন করেছেন সেটিকে তিনি ভিন্নভাবে দেখেন। তিনি বলেন, “আমি মনে করি এটি একটি বিশ্বাস। যে বিশ্বাস আমাকে শিক্ষা দেয় যে আমি আমার জন্য নই, আমার খ্যাতি আমার জন্য নয়, মানবতার জন্য।আমি মানবতার সেবা করতে চাই। আমি চাই পৃথিবীটা মানুষের জন্য সুন্দর একটি আবাস হয়ে উঠুক। যেসব বিখ্যাত ব্যক্তিরা তাদের খ্যাতিকে কাজে লাগিয়ে বিশ্বমানবতার জন্য কাজ করেন আমি তাদের প্রশংসা করি।“
তার এই পবিত্র বিশ্বাসের প্রতিফলন লক্ষ্য করা যায় মানবতার সেবায় তার অসংখ্য কাজে। সামি ইউসুফ তার মিউজিক ক্যারিয়ারের শুরু থেকেই মানবসেবায় নানা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি অসহায় মানুষের সাহায্যার্থে কনসার্ট করেছেন, দুর্দশাগ্রস্থ মানুষের কথা নিয়ে ‘Charity single’ গেয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। ২০১০ সালে তিনি পাকিস্তানের আগ্রাসী বন্যায় আক্রান্তদের সাহাযার্থে অর্থ সংগ্রহের জন্য একক ‘Here you call’ গানটি গান। হাইতির ভয়াবহ ভূমিকম্প ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য গান ‘In Every tears’ গানটি। ‘হর্ন অব আফ্রিকা’ খ্যাত ইথিওপিয়ার খরাজনিত দুর্ভিক্ষে আক্রান্তদের জন্য গেয়েছেন ‘Forgotten promises’ গানটি। সিরিয়ার নিপীড়িত মানুষদের জন্য গেয়েছেন ‘Silent words’ গানটি।
World Food Program এর কাজে সামি ইউসুফ ; Source: wix.com
জাতিসংঘের ক্ষুধাসমস্যা নিরসনে ‘World Food Program’এ ‘UN Global Ambassador’ হিসেবে কাজ করেছেন। World Interfaith Harmony Week এ UN Elite Ambassasor এর ভূমিকা পালন করেন সামি ইউসুফ।
বর্তমান সময়ে ইসলামী সঙ্গীতের কথা বললে মানুষ একবাক্যে যাকে চেনে তিনি সামি ইউসুফ। সামি ইউসুফ এমন একজন যাকে কোনো ফ্রেমে বাঁধা যায় না। তিনি সম্পূর্ণ নতুন ও নিজস্ব একটি সঙ্গীত-প্রকরণের উদ্ভাবণ করে এবং অসংখ্য জনপ্রিয় ও শৈল্পিক গুণসম্পন্ন গান গেয়ে সঙ্গীত জগতে তো স্থায়ী আসন করে নিয়েছেনই, সেই সাথে অর্জন করেছেন পৃথিবীজুড়ে কোটি মানুষের ভালবাসা। ইসলামী বা আধ্যাত্মিক গান গেয়ে তার মতো জনপ্রিয়তা খুব কম শিল্পীই পেয়েছেন। বেঁচে থাকুন সামি ইউসুফ তার পবিত্র সুরে, বেঁচে থাকুন মানুষের হৃদয়কোটরে।
ফিচার ইমেজ – Oman Observer
সামি ইউসুফ: একটি পবিত্র বিশ্বাস ও স্পিরিটিকের প্রতিষ্ঠাতার কথা সামি ইউসুফ: একটি পবিত্র বিশ্বাস ও স্পিরিটিকের প্রতিষ্ঠাতার কথা Reviewed by Anonymous on April 24, 2018 Rating: 5
Powered by Blogger.